০৮ অক্টোবর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:৫৯, ৭ অক্টোবর ২০২৬

আপডেট: ২০:০০, ৭ অক্টোবর ২০২৬

আদালত পাড়ায় দুইমেরুতে বিএনপিপন্থী আইনজীবীদের অবস্থান

আদালত পাড়ায় দুইমেরুতে বিএনপিপন্থী আইনজীবীদের অবস্থান

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি ভবনে বিএনপি সমর্থিত আইনজীবীদের দুই পক্ষের হাতাহাতির ঘটনার পরদিন আদালতপাড়ার পরিস্থিতি শান্ত থাকলেও আইনজীবীদের দুই পক্ষকে পৃথকভাবে অবস্থান করতে দেখা গেছে।

বুধবার (৭ অক্টোবর) দিনভর আইনজীবী সমিতি ভবনে মহানগর বিএনপির আহ্বায়ক ও নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এবং আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এইচএম আনোয়ার প্রধানের অনুসারীরা নিজেদের পক্ষের আইনজীবীদের নিয়ে অবস্থান করেন।

একে-অপরকে উদ্দেশ্য করে তীর্যক স্লোগান দিলেও এদিন কোনো ধরনের হট্টগোল, হাতাহাতি বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি। স্বাভাবিক দিনের মতোই আদালতপাড়া ও আইনজীবী সমিতি ভবনে আইনজীবীদের কাজকর্ম চলেছে।

আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ূন কবির বলেন, “আজকে পরিস্থিতি অনেক ঠান্ডা। কোনো মারামারি বা হাতাহাতির ঘটনা নেই, আদালতপাড়ায় কোনো ঝামেলা নেই।”

দুপুর ১টার দিকে আইনজীবী সমিতি ভবনে আসেন নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। পরে তিনি ভবনের নিচতলায় অবস্থান নেন। এ সময় তাঁর সঙ্গে থাকা আইনজীবীরা সেখানে অবস্থান করেন এবং নিজেদের মধ্যে আলোচনা করেন। পরে তাদের একসঙ্গে খাবার খেতেও দেখা যায়।

একই সময়ে একই ভবনের পাশাপাশি টেবিলে আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচএম আনোয়ার প্রধানকেও তাঁর অনুসারী আইনজীবীদের নিয়ে অবস্থান করতে দেখা যায়। তাঁরাও নিজেদের মধ্যে আলোচনা ও খাবার খাওয়ার পাশাপাশি সেখানে অবস্থান করেন।

দুপুর ২টার দিকে সাখাওয়াত হোসেন খান বার ভবন ত্যাগ করেন। এর কিছুক্ষণ পর আনোয়ার প্রধানও সেখান থেকে চলে যান। পরে দুপুর ২টা ১৬ মিনিটের দিকে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু আইনজীবী সমিতি ভবনে এসে নিচতলায় অবস্থান নেন।

এর আগে মঙ্গলবার বিকেলে আইনজীবী সমিতি ভবনের দ্বিতীয় তলায় বিএনপি সমর্থিত আইনজীবীদের দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এতে নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন খান লাঞ্ছিত হন । জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আবুল কালাম আজাদ জাকির ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক নয়নসহ উভয় পক্ষের কয়েকজন আইনজীবী আহত হন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

আইনজীবীদের সঙ্গে কথা বলে জানা গেছে, জেলা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি সমর্থিত আইনজীবীদের মধ্যে বিভক্তি তৈরি হয়েছে। এক পক্ষে রয়েছেন সমিতির সাধারণ সম্পাদক ও সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক এইচএম আনোয়ার প্রধান এবং পিপি আবুল কালাম আজাদ জাকির। অন্য পক্ষে রয়েছেন মহানগর বিএনপির আহ্বায়ক ও নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন খান এবং সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ূন কবির।

মঙ্গলবারের ঘটনার পর বুধবার দুই পক্ষকে একই ভবনে অবস্থান করতে দেখা গেলেও কোনো ধরনের সংঘাত হয়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত আদালতপাড়ার পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক ছিল।

সর্বশেষ

জনপ্রিয়