০৮ অক্টোবর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:০৪, ৭ অক্টোবর ২০২৬

বন্ধন-উৎসবের বাসভাড়া ৫৮, শিক্ষার্থীদের হাফ পাস ৩৪ টাকা

বন্ধন-উৎসবের বাসভাড়া ৫৮, শিক্ষার্থীদের হাফ পাস ৩৪ টাকা

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বন্ধন ও উৎসব পরিবহনের সাধারণ যাত্রীদের বাসভাড়া ৫৮ টাকা এবং শিক্ষার্থীদের জন্য ৩৪ টাকা হাফ পাস চূড়ান্ত করা হয়েছে। শিক্ষার্থীরা দিন-রাত ২৪ ঘণ্টা নিঃশর্তভাবে এ হাফ পাস সুবিধা পাবেন।

বুধবার (৭ অক্টোবর) প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, আন্দোলনকারী শিক্ষার্থী প্রতিনিধি ও বাস মালিকদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বিকেলে নারায়ণগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ের নিচতলায় সংবাদ সম্মেলনে সিদ্ধান্তের কথা জানান জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ।

তিনি বলেন, ‘ছাত্র প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বাস মালিক সমিতির সমন্বয়ে বৈঠকে সাধারণ যাত্রীদের ভাড়া ৫৮ টাকা এবং শিক্ষার্থীদের হাফ পাস ৩৪ টাকা নির্ধারণের সিদ্ধান্ত সবাই মেনে নিয়েছেন। শিক্ষার্থীদের জন্য ২৪ ঘণ্টাই এ সুবিধা প্রযোজ্য থাকবে। সিদ্ধান্ত পুনর্বিবেচনা না হওয়া পর্যন্ত এই ভাড়াই কার্যকর থাকবে।’

বাস মালিকদের পক্ষে সিটি বন্ধন পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, তারা সরকারি নির্দেশনা ও যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে ৫৮ টাকা ভাড়া এবং শিক্ষার্থীদের জন্য ৩৪ টাকায় সম্মত হয়েছেন। আগামী এক মাসের মধ্যে ফ্লাইওভারের টোল পুনর্নির্ধারণের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম বলেন, দীর্ঘদিনের অনমনীয় অবস্থান থেকে সরে এসে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছানো একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এর মাধ্যমে পরিবহন খাতে শৃঙ্খলা ফেরার পাশাপাশি চাঁদাবাজি ও মাফিয়াদের দৌরাত্ম্য বন্ধ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

গণসংহতি আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা সমন্বয়কারী তারিকুল ইসলাম বলেন, আন্দোলনের মাধ্যমে সাধারণ যাত্রীদের ভাড়া ২ টাকা এবং শিক্ষার্থীদের ৬ টাকা কমানো সম্ভব হয়েছে। এটি নারায়ণগঞ্জবাসীর সম্মিলিত আন্দোলনের অর্জন।

এনসিপির নারায়ণগঞ্জ মহানগরের আহ্বায়ক শওকত আলী বলেন, মুখোমুখি আলোচনার মাধ্যমে রাজনৈতিক ও সামাজিকভাবে একটি সংকটের সমাধান হওয়া নারায়ণগঞ্জের জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক।

এর আগে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর গত ২০ সেপ্টেম্বর থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বন্ধন ও উৎসব পরিবহন সাধারণ যাত্রীদের কাছ থেকে ৬০ টাকা এবং শিক্ষার্থীদের কাছ থেকে ৩৫ থেকে ৪০ টাকা ভাড়া আদায় করে আসছিল। এর প্রতিবাদে সাতটি ছাত্র সংগঠনের সমন্বয়ে গঠিত ‘পরিবহন সিন্ডিকেট বিরোধী ছাত্র ঐক্য’ আন্দোলন শুরু করে। কয়েক দফা আন্দোলন ও বৈঠকের পর বুধবার ভাড়া নিয়ে চূড়ান্ত সমঝোতা হলো।

বৈঠক শেষে আন্দোলনকারী শিক্ষার্থী প্রতিনিধিরা সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, শুরু থেকেই শিক্ষার্থীদের জন্য নিঃশর্ত ৩৪ টাকা হাফ পাস এবং সাধারণ যাত্রীদের ভাড়া ৫৮ টাকা নির্ধারণের দাবি জানিয়ে আসছিলেন।

সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীবসহ বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র সংগঠন ও বাস মালিক সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়