নারায়ণগঞ্জ ক্লাবে কনভেনার ও কো-কনভেনার কাপ টেনিস টুর্নামেন্ট
জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডে অনুষ্ঠিত হয়েছে ‘কনভেনার ও কো-কনভেনার কাপ টেনিস টুর্নামেন্ট-২০২৬’। টুর্নামেন্টে ক্লাবের সাবেক কনভেনারদের অবদানের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননাও দেওয়া হয়।
বুধবার (৭ অক্টোবর) নারায়ণগঞ্জ ক্লাব প্রাঙ্গণে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ক্লাবের টেনিস উপ-কমিটির আহ্বায়ক মো. জাহিদ হোসেন। পরে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
আয়োজনের অংশ হিসেবে বিভিন্ন সময়ে দায়িত্ব পালন করা ক্লাবের সাবেক কনভেনারদের সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। তাদের দীর্ঘদিনের অবদান ও সেবার কথা স্মরণ করেন আয়োজকেরা। প্রয়াত সাবেক কনভেনারদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের পরিবারের সদস্যদের হাতেও স্মারক ক্রেস্ট তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন টেনিস উপ-কমিটির কো-কনভেনার আলহাজ মো. আসলাম, ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. মাহবুবুর রহমান মারুফ, সহ-সভাপতি আলহাজ ইঞ্জিনিয়ার আমিনুজ্জামান মৃধা, পরিচালক মো. আলতাফ হোসেন ও মো. উজ্জ্বল হোসেনসহ টেনিস উপ-কমিটির সদস্যরা।
এ ছাড়া ক্লাবের সদস্য ও তাদের পরিবারের সদস্যরা টুর্নামেন্ট উপভোগ করেন। খেলোয়াড়দের অংশগ্রহণ এবং সদস্যদের উপস্থিতিতে পুরো আয়োজনটি আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।





































