১৩ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:০৭, ১৩ সেপ্টেম্বর ২০২৬

তল্লায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় যুবককে ছুরিকাঘাতের অভিযোগ

তল্লায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় যুবককে ছুরিকাঘাতের অভিযোগ

নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লায় বাড়ির সামনে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় রামিম (২২) নামে এক যুবককে সুইচ গিয়ার দিয়ে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে আপন (২০) নামে আরেক যুবকের বিরুদ্ধে।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে তল্লা এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী রামিম তল্লার এলাকার প্রয়াত হাজী শহীদুল্লাহ’র ছেলে। অন্যদিকে অভিযুক্ত আপন একই এলাকার সেন্টুর ছেলে।

ভুক্তভোগী রামিমের অভিযোগ, আপন দীর্ঘদিন ধরে তল্লা এলাকায় মাদক ব্যবসা করে আসছেন। তার বাড়ির সামনেও মাদক ব্যবসা করায় তিনি একাধিকবার বাধা দেন। এতে আপন তাকে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছিলেন। তার কর্মকাণ্ডে বাড়ির ভাড়াটিয়া ও পরিবারের সদস্যরা আতঙ্কে বসবাস করছেন বলেও অভিযোগ করেন রামিম।

অভিযোগে আরও বলা হয়, রোববার বিকেলে রামিম তার বাড়ির সামনে মাদক ব্যবসা করার সময় আপনকে হাতেনাতে ধরেন। তাকে আইনের কাছে সোপর্দ করার কথা জানালে আপন কোমর থেকে সুইচ গিয়ার বের করে রামিমকে হত্যার উদ্দেশ্যে আঘাত করেন। আঘাতটি লক্ষ্যভ্রষ্ট হয়ে রামিমের বাম হাতে লাগলে তিনি রক্তাক্ত জখম হন।

এ সময় রামিম চিৎকার করলে আপন তাকে সুযোগ পেলে ‘জীবনের তরে শেষ করে ফেলার’ হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে চলে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর নিরাপত্তাহীনতায় ভুগছেন দাবি করে রামিম ফতুল্লা মডেল থানায় আপনকে আসামি করে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে।

এ অভিযোগের তদন্তকারী কর্মকর্তা হাজীগঞ্জ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ফরহাদ হোসেন বলেন, “বিষয়টি তদন্ত করে আইনগতভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সর্বশেষ

জনপ্রিয়