০৮ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:৩৩, ৮ সেপ্টেম্বর ২০২৬

বই পড়ার অভ্যাস গড়ে তুলতে ‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার’

বই পড়ার অভ্যাস গড়ে তুলতে ‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার’

শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা, সৃজনশীলতা বিকাশ এবং আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরিতে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন চালু করেছে ‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার’। এর অংশ হিসেবে উপজেলার ৬০ নম্বর গোয়ালবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ পাঠাগার চালু করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিদ্যালয়টিতে পাঠাগারটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী ইয়াসির আরাফাত, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুরাইয়া আশরাফী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফ উদ্দিন বিপ্লব প্রমুখ।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি বিভিন্ন জ্ঞানমূলক ও সৃজনশীল বই পড়ার সুযোগ করে দিতে পাঠাগারটি প্রতিষ্ঠা করা হয়েছে। বিদ্যালয়ে অবস্থানকালীন সময়কে শিক্ষার্থীদের জন্য আনন্দময় ও উপভোগ্য করে তুলতে পাঠাগারটি রঙিন ও নান্দনিকভাবে সাজানো হয়েছে।

পাঠাগারের মাধ্যমে শিক্ষার্থীদের নিয়মিত বই পড়ায় উৎসাহিত করার পাশাপাশি তাদের জ্ঞান, মননশীলতা ও সৃজনশীল চিন্তাশক্তির বিকাশ ঘটানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, ‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার’ কার্যক্রম পর্যায়ক্রমে নারায়ণগঞ্জ সদর উপজেলার প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সম্প্রসারণ করা হবে। এর মাধ্যমে ছোটবেলা থেকেই শিশুদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলার পাশাপাশি তাদের জ্ঞানভিত্তিক ও সৃজনশীল নাগরিক হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, বিদ্যালয়ভিত্তিক এমন পাঠাগার শিশুদের পাঠ্যবইয়ের বাইরে জ্ঞান অর্জনের সুযোগ বাড়াবে এবং ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে বই পড়ার সংস্কৃতি গড়ে তুলতে ভূমিকা রাখবে।

সর্বশেষ

জনপ্রিয়