সদরে শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী দল, ডেঙ্গু রোধে পরিষ্কার থাকবে স্কুল আঙ্গিনা
ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ ও স্বাস্থ্যসচেতনতা বাড়াতে শিক্ষার্থীদের নিয়ে নারায়ণগঞ্জ সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করছে উপজেলা প্রশাসন। এর আওতায় শিক্ষা প্রতিষ্ঠান ও আশপাশের এলাকায় জমে থাকা পানি অপসারণ, মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা তৈরিতে কাজ করছে শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী দল।
উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, সদর উপজেলার ১১৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৪৪টি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের সমন্বয়ে এসব স্বেচ্ছাসেবী দল গঠন করা হয়েছে। দলগুলোর সদস্যরা নিজ নিজ প্রতিষ্ঠানের আঙিনা ও আশপাশের এলাকা পরিষ্কার করার পাশাপাশি কোথাও পানি জমে থাকলে তা চিহ্নিত করে ব্যবস্থা নিচ্ছে। একই সঙ্গে সহপাঠীদের পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি মেনে চলতে সচেতন করছে তারা।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম ফয়েজ উদ্দিন বলেন, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে প্রতি মঙ্গলবার মাধ্যমিক বিদ্যালয় এবং প্রতি বৃহস্পতিবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে।
উপজেলা প্রশাসন বলছে, শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই পরিচ্ছন্নতা ও জনস্বাস্থ্যের বিষয়ে দায়িত্বশীল করে গড়ে তোলার পাশাপাশি ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগের ঝুঁকি কমাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রশাসনের এ উদ্যোগে একদিকে শিক্ষা প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার কার্যক্রম জোরদার হচ্ছে, অন্যদিকে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সুরক্ষা, স্বাস্থ্যবিধি ও জনস্বাস্থ্য বিষয়ে সচেতনতা তৈরি হচ্ছে। শিক্ষার্থীদের মাধ্যমে এ সচেতনতা পরিবার ও সমাজের অন্যান্য পর্যায়েও ছড়িয়ে পড়বে বলে আশা করছে উপজেলা প্রশাসন।





































