০৮ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:১৭, ৮ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৭:১৮, ৮ সেপ্টেম্বর ২০২৬

মেঘনা ডিপোর কর্মকর্তাকে হুমকি, বিনামূল্যে অকটেন দাবির অভিযোগে গ্রেপ্তার ১

মেঘনা ডিপোর কর্মকর্তাকে হুমকি, বিনামূল্যে অকটেন দাবির অভিযোগে গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের গোদনাইল ডিপোর এক কর্মকর্তাকে ভয়ভীতি ও হুমকি দিয়ে বিনামূল্যে ৫০০ লিটার অকটেন দাবি করার অভিযোগে রাশেদ আহম্মেদ (৫৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিদ্ধিরগঞ্জের এসও রোডের মন্ডলপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের গোদনাইল ডিপোর সহকারী মহাব্যবস্থাপক মো. মাহবুবর রহমানের নিয়ন্ত্রণাধীন ডিপো থেকে সংসদ সদস্যের পিএসের ব্যবহৃত গাড়ির জন্য প্রতি মাসে বিনামূল্যে ৫০০ লিটার অকটেন সরবরাহের দাবি করেন রাশেদ আহম্মেদ। প্রতি লিটার ১৪৫ টাকা হিসাবে ওই অকটেনের মূল্য ৭২ হাজার ৫০০ টাকা।

তবে বিনামূল্যে জ্বালানি তেল সরবরাহে অপারগতা প্রকাশ করলে রাশেদ বিভিন্ন সময় ওই কর্মকর্তার ওপর চাপ প্রয়োগ ও ভয়ভীতি প্রদর্শন করেন বলে অভিযোগ করা হয়েছে।

এর ধারাবাহিকতায় গত ২ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১টার দিকে রাশেদ অনধিকারভাবে গোদনাইল মেঘনা ডিপোর ওই কর্মকর্তার অফিসকক্ষে প্রবেশ করে পুনরায় ৫০০ লিটার অকটেন বিনামূল্যে সরবরাহের জন্য চাপ দেন। এতে অস্বীকৃতি জানালে তিনি কর্মকর্তাকে ভয়ভীতি ও হুমকি দেওয়ার পাশাপাশি চাকরি থেকে সরে যাওয়ার জন্য চাপ প্রয়োগ করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

পরে ভুক্তভোগী কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিলে নিয়মিত মামলা দায়ের করা হয়।

মামলা দায়েরের পর সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে রাশেদকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার রাশেদ আহম্মেদকে সাত দিনের রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ

জনপ্রিয়