২৮ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:৫১, ২৭ আগস্ট ২০২৬

আপডেট: ১৮:৫২, ২৭ আগস্ট ২০২৬

রূপগঞ্জে দখলকৃত খাল উদ্ধারে জেলা প্রশাসককে তৈমূরের স্মারকলিপি

রূপগঞ্জে দখলকৃত খাল উদ্ধারে জেলা প্রশাসককে তৈমূরের স্মারকলিপি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দখলকৃত সরকারি খাল উদ্ধারে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবিরের কাছে সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের নেতৃত্বে এ স্মারকলিপি দেওয়া হয়।

স্মারকলিপি প্রদান শেষে অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেন, নারায়ণগঞ্জ-নরসিংদী অগ্রণী সেচ প্রকল্পের আওতায় রূপগঞ্জ উপজেলা ও তারাবো পৌরসভা এলাকায় পানি উন্নয়ন বোর্ড খাল খনন করে। এই খালের মাধ্যমে স্থানীয় মানুষ সেচের কাজ করতেন, জমিতে ধান চাষ হতো এবং বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন করা হতো।

তিনি অভিযোগ করেন, পরবর্তী সময়ে রূপগঞ্জের সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী গোলাম দস্তগীর গাজী কারখানা স্থাপনের সময় খালের অর্ধেকাংশ ভরাট করে দখল করেন। এতে এলাকায় পানি নিষ্কাশন ব্যবস্থা ব্যাহত হচ্ছে এবং সেচ কার্যক্রমও বন্ধ হয়ে গেছে। ফলে এলাকাটি প্রায় সারা বছরই জলাবদ্ধ থাকছে।

তৈমূর আলম খন্দকার বলেন, রূপগঞ্জে বর্তমানে জলাবদ্ধতা ভয়াবহ রূপ ধারণ করেছে। দখল হয়ে যাওয়া খালটি পুনরুদ্ধার করে জনগণের ব্যবহারের উপযোগী করার দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। জেলা প্রশাসক এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

তিনি আরও বলেন, বর্তমান সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি বাস্তবায়নে উদ্যোগ নিয়েছে। এই কর্মসূচির অংশ হিসেবে খালটি উদ্ধার করা হলে রূপগঞ্জের জলাবদ্ধতা অনেকটাই কমে আসবে।

তৈমূর আলম খন্দকার বলেন, খালটি উন্মুক্ত করে দিলে পানি নিষ্কাশনের সুযোগ তৈরি হবে। প্রয়োজনে ড্রেন ও রাস্তা নির্মাণের কাজে ব্যবহার করলেও জনগণ উপকৃত হবে। তবে খাল হিসেবে উন্মুক্ত রাখলেই স্থানীয় মানুষ সবচেয়ে বেশি উপকৃত হবে বলে তিনি মন্তব্য করেন।

সর্বশেষ

জনপ্রিয়