২৫ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:২৩, ২৪ আগস্ট ২০২৬

বন্দরে ‘শেখ সিফাতের মতো’ আর কেউ যেন তৈরি না হয়: ওসি

বন্দরে ‘শেখ সিফাতের মতো’ আর কেউ যেন তৈরি না হয়: ওসি

“বন্দরে শেখ সিফাতের মতো আর কোনো সিফাত তৈরি না হয়, সেজন্য পরিবারকে সন্তানদের বিষয়ে আরও সচেতন হতে হবে। সন্তানদের চলাফেরা ও অনলাইন কার্যক্রমের ওপর বাবা-মাকে নজর রাখতে হবে” বলে মন্তব্য করেছেন বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন।

সোমবার (২৪ আগস্ট) বন্দর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় তিনি এসব কথা বলেন। সকাল ১১টায় বন্দর উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকার।

সভায় সাম্প্রতিক বুলবুল হত্যাকাণ্ডসহ উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। ডাকাতি, চুরি, ছিনতাই, ইভটিজিং ও মাদক নিয়ন্ত্রণের পাশাপাশি কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া ঠেকাতে পরিবারের সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

ওসি জামাল উদ্দিন বলেন, “বন্দরে শেখ সিফাতের চ্যাপ্টার ক্লোজ। বন্দরে হানিট্র্যাপের মতো ঘটনাও রয়েছে, যেটা খুবই অ্যালার্মিং। বাবা-মায়ের কাছে আমরা মেসেজ দিতে চাই, তারা যেন সন্তানদের খেয়াল রাখেন। অনলাইন প্রেমের ফাঁদে তারা যেন আটকে না যায়।”

তিনি আরও বলেন, বন্দরে অতিরিক্ত স্পিড ব্রেকারের কারণে ফায়ার সার্ভিসের জরুরি সেবা দিতে বিভিন্ন সমস্যার সৃষ্টি হচ্ছে। অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে স্ট্রিট লাইট ও সিসি ক্যামেরা স্থাপনের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহিমা আক্তার ইতি, র‍্যাব-১১-এর কালিরবাজার ক্যাম্প কমান্ডার মো. মুহিত কবির, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রাজিউর রহমানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়