২৫ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:৫৪, ২৪ আগস্ট ২০২৬

ফতুল্লায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার

ফতুল্লায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লার শান্তিধারা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় বিপুল পরিমাণ অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশ বলছে, গ্রেপ্তাররা ‘মিলন-সাজিদ গ্রুপের’ সদস্য।

রোববার (২৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শান্তিধারা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন নওগাঁর আত্রাই থানার ব্রজপুর এলাকার সায়েম সরকারের ছেলে রকি সরকার ওরফে নাঈম (২৫), কিশোরগঞ্জের মিঠামইন থানার আসনপুর এলাকার সাহাবুলের ছেলে আজমান ওরফে লেম্বর (২৫) এবং করিমগঞ্জ থানার সুতারপাড়া এলাকার সাইদুর রহমানের ছেলে রায়হান (২৩)। তারা ফতুল্লার শান্তিধারা এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা গত ১৮ আগস্ট সাইনবোর্ড এলাকায় প্রতিপক্ষ ‘মানিক গ্রুপের’ সঙ্গে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ানোর কথা স্বীকার করেছে। এছাড়া মিলন-সাজিদ ও শান্তর নেতৃত্বে অস্ত্রশস্ত্রসহ একত্রিত হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড ও ডাকাতির প্রস্তুতি নেওয়ার কথাও তারা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারদের কাছ থেকে ছয়টি রামদা, তিনটি তলোয়ার, দুটি ছুরি, একটি সুইচ গিয়ার, সাইকেলের স্পোক দিয়ে তৈরি দুটি কুড়াল এবং দুটি এসএস পাইপ উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় ডিবির এসআই রুবেল মিয়া বাদী হয়ে সোমবার (২৪ আগস্ট) গ্রেপ্তার ও পলাতক আসামিদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মামলা করেছেন। 

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়