বন্দরে মোটরসাইকেলের ধাক্কায় আহত বৃদ্ধের মৃত্যু
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সাবুদ ওরফে কামাল (৬৭) নামে এক পথচারী বৃদ্ধের মৃত্যু হয়েছে।
রোববার (২৬ জুলাই) দুপুর পৌনে ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত সাবুদ ওরফে কামাল বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের দক্ষিণ ঘারমোড়া এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে।
জানা গেছে, একই দিন সকাল ১০টার দিকে দক্ষিণ ঘারমোড়া নাজিরাপট্টি এলাকায় পুকুরে গোসল শেষে বাড়ি ফেরার পথে একটি দ্রুতগতির অজ্ঞাত মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় শাহবাগ থানা পুলিশ মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। মদনগঞ্জ ফাঁড়ি পুলিশের ইনচার্জ নুরুল ইসলাম জানিয়েছে, দুর্ঘটনার সঙ্গে জড়িত মোটরসাইকেল ও চালককে শনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।





































