মাদক সেবনের অভিযোগে আইনজীবী পাপ্পুকে কারণ দর্শানোর নোটিশ
মাদক সেবনের অভিযোগে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মো. মাহফুজুর রহমান পাপ্পুকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি।
রোববার (২৬ জুলাই) সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ. এম. আনোয়ার প্রধান স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।
নোটিশে বলা হয়, অ্যাডভোকেট মাহফুজুর রহমান পাপ্পু (আইডি-৯০৪) নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির একজন নিয়মিত সদস্য। সম্প্রতি তাঁর বিরুদ্ধে মাদক সেবনসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পাওয়া গেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও ইলেকট্রনিক মিডিয়ায় তাঁর কথিত মাদক সেবনের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ায় বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
এছাড়া, ২৬ জুলাই প্রকাশিত বিভিন্ন পত্রিকায় তাঁর কথিত মাদক সেবনের ছবি ও ভিডিওসহ সংবাদ প্রকাশিত হয়েছে বলেও নোটিশে উল্লেখ করা হয়। সমিতির দাবি, এসব ঘটনায় আইন পেশার মর্যাদা এবং নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।
নোটিশ অনুযায়ী, ২৬ জুলাই অনুষ্ঠিত কার্যকরী কমিটির জরুরি সভার সিদ্ধান্ত এবং সমিতির গঠনতন্ত্রের ৩০(খ) অনুচ্ছেদের আলোকে অ্যাডভোকেট মাহফুজুর রহমান পাপ্পুর বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ বা তাঁর সদস্যপদ স্থায়ীভাবে বাতিল করা হবে না, সে বিষয়ে নোটিশ প্রাপ্তির ১৫ দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।





































