বাগে জান্নাত পঞ্চায়েতের সাবেক সভাপতি হারুনুর রশিদের ইন্তেকাল
নারায়ণগঞ্জের চাষাঢ়া বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের সাবেক সভাপতি, বাগে জান্নাত জামে মসজিদ ও মাদরাসার উন্নয়ন কমিটির আহ্বায়ক এবং নারায়ণগঞ্জ জেলা ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি হারুনুর রশিদ বাবুল ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার (২৬ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর।
একই দিন বাদ জোহর চাষাঢ়ার বাগে জান্নাত জামে মসজিদে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে মাসদাইর সিটি কবরস্থান জামে মসজিদে দ্বিতীয় জানাজার নামাজ শেষে মাসদাইর কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়েসহ নাতি-নাতনি এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
হারুনুর রশিদ বাবুলের মৃত্যুতে বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদ, চাষাঢ়া পঞ্চায়েত পরিষদ, নারায়ণগঞ্জ জেলা ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতিসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।





































