১১ দাবিতে আনোয়ারার শ্রমিকদের বিক্ষোভে দিনভর উত্তেজনা
আনোয়ারা গ্রুপের চারটি কারখানার শ্রমিকদের অর্জিত ছুটির টাকা ও বোনাসসহ ১১ দফা দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল, স্মারকলিপি প্রদান ও দীর্ঘ বৈঠকের মধ্য দিয়ে দিনভর উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করেছে শ্রম কল্যাণ কেন্দ্রে। মালিকপক্ষ আংশিক কিছু দাবিতে সম্মত হলেও আর্থিক প্রস্তাব নিয়ে শ্রমিকদের মধ্যে মতবিরোধ দেখা দেওয়ায় দিনশেষে উত্তেজনা ও মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।
রোববার (২৬ জুলাই) সকাল ৯টা থেকে আনোয়ারা গ্রুপের চারটি প্রতিষ্ঠান- আনোয়ারা ফ্যাশন-১, আনোয়ারা ফ্যাশন-২, আনোয়ারা কটন ও আনোয়ারা স্টাইলের শ্রমিকরা নারায়ণগঞ্জ নগরীর বরফকল এলাকায় কারখানার গেইটের সামনে জড়ো হন।
মিছিল শুরুর আগে শ্রমিকদের উদ্দেশ্যে বক্তব্য দেন ট্রেড ইউনিয়ন কেন্দ্রের জেলা কমিটির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন।
সকাল ৯টা ২০ মিনিটে ইকবাল হোসেনের নেতৃত্বে শ্রমিকরা মিছিল নিয়ে চাষাঢ়া হয়ে জেলা প্রশাসক কার্যালয়ের উদ্দেশ্যে রওনা হন। দশটার দিকে জেলা প্রশাসক কার্যালয়ে পৌঁছে শ্রমিক নেতারা তাদের দাবি সম্বলিত স্মারকলিপি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) কাফি বিন কবিরের কাছে দেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার শামীম হোসেন ও বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল উপস্থিত ছিলেন। পরে দুপুর ১২টায় চাষাঢ়া শ্রম কল্যাণ কেন্দ্রে বৈঠকের আহ্বান জানায় জেলা প্রশাসন।
স্মারকলিপি প্রদান শেষে শ্রমিকরা পুনরায় মিছিল নিয়ে চাষাঢ়ায় শ্রম কল্যাণ কেন্দ্রে পৌঁছান। সেখানে শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে দীর্ঘ আলোচনার একপর্যায়ে কয়েক দফা উত্তেজনা সৃষ্টি হয়।
বৈঠকে আন্দোলনকালীন দুই দিনের অনুপস্থিতিকে উপস্থিত হিসেবে গণ্য করা এবং এ সময় কোনো শ্রমিককে ছাঁটাই না করার প্রস্তাবে মালিকপক্ষ সম্মতি দেয়। তবে নাইট ডিউটির ওভারটাইম ১০০ টাকা নির্ধারণসহ অন্যান্য আর্থিক দাবিতে সমাধান আসেনি।
বিকেল ৫টার দিকে বিকেএমইএ পরিচালক নজরুল ইসলাম স্বপন জানান, মালিকপক্ষের পক্ষ থেকে প্রতিটি শ্রমিককে ব্যক্তিগত তহবিল থেকে ২ হাজার টাকা করে দেওয়া হবে। তবে এই প্রস্তাব শ্রমিকদের একাংশ তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করেন। তাদের দাবি, কোনো অনুদান নয়- অর্জিত ছুটির বকেয়া টাকাই পরিশোধ করতে হবে।
এ নিয়ে শ্রমিকদের মধ্যে মতবিরোধ সৃষ্টি হলে শ্রম কল্যাণ কেন্দ্রের হলরুমে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পরবর্তীতে আবার জেলা প্রশাসক কার্যালয়ে বসার সিদ্ধান্ত নেওয়া হয়।
শ্রম কল্যাণ কেন্দ্রের উপ-মহাপরিদর্শক রাজীব চন্দ্র ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন পুলিশ সুপার (এসপি) মাহমুদ, অতিরিক্ত এসপি শামীম, অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, শ্রমিক জাগরণ মঞ্চের সভাপতি জাহাঙ্গীর আলম গোলক, বিকেএমইএ পরিচালক নজরুল ইসলাম স্বপন এবং আনোয়ারা গ্রুপের প্রতিনিধিরা।
উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবার কারখানাটির সামনে একই দাবিতে বিক্ষোভ শুরু করেন আনোয়ারা গ্রুপের শ্রমিকরা। পরে শনিবার তারা অন্তত ৭ ঘন্টা কারখানার সামনে চাষাঢ়া-শিমরাইল সড়কটি অবরোধ করে রাখেন।





































