সিদ্ধিরগঞ্জে সীমানা প্রাচীর ধসে দুই শিশু গুরুতর আহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি বাড়ির সীমানা প্রাচীর ধসে দুই শিশু গুরুতর আহত হয়েছে।
রোববার (১২ জুলাই) সকাল ১১টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের পাইনাদী নতুন মহল্লা ২ নম্বর রোডের বিমান ভবন সংলগ্ন আক্তার হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।
আহতরা হলো মো. রাসেলের ছেলে রুহুল আমিন (৮) এবং আব্দুর রহিমের মেয়ে সামিয়া (৫)। তারা দুজনই পাইনাদী নতুন মহল্লা ২ নম্বর রোড এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, আক্তার হোসেনের বাড়ির সামনের ইটের তৈরি সীমানা প্রাচীর হঠাৎ ধসে পড়ে। এতে পাশ দিয়ে যাওয়ার সময় দুই শিশু প্রাচীরের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে সাইনবোর্ড এলাকার প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে রুহুল আমিনের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সামিয়া বর্তমানে প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।





































