সোনারগাঁ থেকে আত্মসাৎ হওয়া ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার, চালক গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে আত্মসাৎ হওয়া মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৭১৬ কার্টন সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পণ্য পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়েছে এবং ট্রাকচালক মো. আল আমিন গাজীকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) বিকেলে গাজীপুরের কালিয়াকৈর এবং রাতে ঢাকার সাভার এলাকায় অভিযান চালিয়ে তেল উদ্ধার ও চালককে গ্রেপ্তার করে নারায়ণগঞ্জ জেলা পুলিশের একটি বিশেষ দল।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৬ জুলাই বিকেল সাড়ে ৫টার দিকে সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের গঙ্গানগর এলাকায় অবস্থিত মেঘনা গ্রুপের কারখানা থেকে রংপুরের উদ্দেশে সিলেট-ট ১১-০৬৫৮ নম্বর ট্রাকে ৭৫০ কার্টন ফ্রেশ সয়াবিন তেল পাঠানো হয়। পণ্যগুলোর আনুমানিক বাজারমূল্য ছিল প্রায় ২৫ লাখ টাকা।
তবে নির্ধারিত গন্তব্যে পণ্য পৌঁছে না দিয়ে ট্রাকচালক আল আমিন গাজী ট্রাকসহ উধাও হয়ে যান। এ ঘটনায় ফাহিমা ই-ট্রান্সপোর্টের ম্যানেজার মো. হাছান আলী বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি প্রতারণা মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিশেষ দল তদন্ত শুরু করে। তদন্তের এক পর্যায়ে শুক্রবার বিকেল ৫টা ২০ মিনিটে গাজীপুরের কালিয়াকৈর থানা এলাকা থেকে আল আমিনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে একই দিন রাতে ঢাকার সাভারের আমিনবাজার এলাকা থেকে আত্মসাৎ করা ৭১৬ কার্টন সয়াবিন তেল এবং পণ্য পরিবহনে ব্যবহৃত ট্রাকটি উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আসামিকে শনিবার আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে।





































