২৬ জুলাই ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৪৯, ২৫ জুলাই ২০২৬

আপডেট: ২০:৫০, ২৫ জুলাই ২০২৬

সোনারগাঁয়ে বাড়িঘর ভাঙচুর, ‘ভুমিদস্যুদের ভয়ে’ নিরাপত্তাহীনতায় পরিবার

সোনারগাঁয়ে বাড়িঘর ভাঙচুর, ‘ভুমিদস্যুদের ভয়ে’ নিরাপত্তাহীনতায় পরিবার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাড়ির সীমান প্রাচীর ভেঙে ঘরে ভাঙচুর ও আঙ্গিনার গাছপালা কেটে ফেলার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্তদের বিরুদ্ধে স্থানীয়দের জমি দখল করে ভূমিদস্যুতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ রয়েছে।

গত বৃহস্পতিবার (২৩ জুলাই) উপজেলার সোনারগাঁ পৌরসভার বাণীনাথপুর গ্রামে জাকির হোসেন ও মো. মহিউদ্দিনের বাড়িতে এই হামলার ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলেন, হামলায় নিজেদের সন্ত্রাসী বাহিনী নিয়ে নেতৃত্ব দেন বাণীনাথপুর গ্রামের টুকুন মেম্বারের ছেলে মো. মোশারফ ও মো. মালেক এবং পাশের সাহাপুর গ্রামের হাজী সিদ্দিক মুন্সীর ছেলে মো. সগির। তারা ভুক্তভোগীর বাড়িঘরে হামলা চালিয়ে সীমানা প্রাচীরও ভেঙে দেয়।

এই ঘটনার পর ভুক্তভোগী পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতা ভুগছেন বলে জানান।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোশারফ স্থানীয়ভাবে বিএনপির রাজনীতির সাথে যুক্ত। তিনি সোনারগাঁ পৌরসভা শ্রমিক দলের সাধারণ সম্পাদক। মালেক এ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি। সগিরও বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত।

এলাকাবাসীর অভিযোগ, রাজনৈতিক পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করে এই চিহ্নিত চক্রটি দীর্ঘদিন ধরে এলাকায় জমি কেনাবেচার দালালি, চাঁদাবাজি এবং ভুয়া সাইনবোর্ড খাটিয়ে জমি দখল করছে। সাধারণ মানুষের জমিতে জোরপূর্বক নিজেদের বা ভুয়া সাইনবোর্ড টাঙিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করা এবং চাঁদা না দিলে নানাভাবে হয়রানি করারও অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

ক্ষতিগ্রস্ত মো. জাকির হোসেন ও মো. মহিউদ্দিন বলেন, “আমরা কোনো অপরাধ না করেও আজ নিঃস্ব। আমাদের বাড়িঘর ভেঙে দিয়ে সীমানা প্রাচীর ও গাছপালা কেটে ফেলা হয়েছে। আমরা এই চিহ্নিত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”

তারা এ বিষয়ে আইনগতভাবে মামলা করবেন বলেও জানান।

এদিকে অভিযোগ পেলে আইনগতভাবে ব্যবস্থা গ্রহণ করার কথা জানিয়েছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার হোসেন।

সর্বশেষ

জনপ্রিয়