২৬ জুলাই ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:৩১, ২৫ জুলাই ২০২৬

আপডেট: ২১:৩১, ২৫ জুলাই ২০২৬

বন্দরের বিদ্যুৎ কেন্দ্রের আনসার সদস্যদের লুট হওয়া দ্বিতীয় শটগান

বন্দরের বিদ্যুৎ কেন্দ্রের আনসার সদস্যদের লুট হওয়া দ্বিতীয় শটগান

নারায়ণগঞ্জের বন্দরে ১১০ কেভি বিদ্যুৎ কেন্দ্রে আনসার সদস্যদের কাছ থেকে ডাকাতির ঘটনায় লুট হওয়া দ্বিতীয় শটগানও উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

পুলিশ জানায়, গত ২ জুলাই ভোর সাড়ে ৪টার দিকে বন্দর থানার হরিপুর ২৭ নম্বর ওয়ার্ডে অবস্থিত ১১০ কেভি বিদ্যুৎ কেন্দ্রের নদীর ঘাটসংলগ্ন ডিউটি পোস্টে সাধারণ আনসার সদস্য সৈকত মিয়া ও মো. মনিরুজ্জামান মুন্সি দায়িত্বরত ছিলেন। এ সময় ইঞ্জিনচালিত নৌকায় এসে ৫-৬ জন ডাকাত দেশীয় অস্ত্রের মুখে তাদের জিম্মি করে দুটি শটগান লুট করে নিয়ে যায়।

ঘটনার পর প্লাটুন কমান্ডার মো. মনির মিয়া বাদী হয়ে বন্দর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন।

এরই ধারাবাহিকতায় গত ২৪ জুলাই রাত ৯টা ২০ মিনিটে রূপগঞ্জ থানার চনপাড়া ৯ নম্বর ওয়ার্ডে জনৈক জলিলের জমির পাশের ধইঞ্চা ঝোপ থেকে পরিত্যক্ত অবস্থায় লুট হওয়া দ্বিতীয় শটগানটি উদ্ধার করা হয়।

এর আগে, গত ১৩ জুলাই একই মামলায় একটি শটগান উদ্ধার এবং একজন আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছিল।

পুলিশ জানিয়েছে, এ অভিযানের মাধ্যমে ডাকাতির ঘটনায় লুট হওয়া দুটি শটগানই উদ্ধার করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়