২৭ জুলাই ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:১৬, ২৬ জুলাই ২০২৬

মদনপুরে বিলাসবহুল জিপ গাড়ি থেকে ১৪০ কেজি গাঁজা উদ্ধার

মদনপুরে বিলাসবহুল জিপ গাড়ি থেকে ১৪০ কেজি গাঁজা উদ্ধার

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর এলাকায় র‍্যাব-১১-এর অভিযানে একটি বিলাসবহুল জিপ থেকে ১৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত গাড়িটি জব্দ করা হলেও চালক পালিয়ে যেতে সক্ষম হন।

শনিবার (২৫ জুলাই) বিকেল ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুরের রাফি ফিলিং স্টেশনের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব-১১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল জানতে পারে, একটি বিলাসবহুল জিপে করে বিপুল পরিমাণ গাঁজা ঢাকার দিকে নেওয়া হচ্ছে। তথ্যের ভিত্তিতে র‍্যাব সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নিলে টয়োটা ক্লুগার মডেলের জিপ থেকে এক ব্যক্তি নেমে দ্রুত পালিয়ে যান।

পরে গাড়িটিতে তল্লাশি চালিয়ে ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা ১৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গাঁজা ও জব্দ করা জিপটি আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব আরও জানায়, পালিয়ে যাওয়া ব্যক্তির পরিচয় শনাক্ত করে তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। একই সঙ্গে এ মাদক চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়