মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানের সুফল মিলছে: মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়ন এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৯ ও ২০ নম্বর ওয়ার্ড এলাকায় গত সাড়ে তিন মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে বলে দাবি করেছেন মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর নুরুল ইসলাম। তিনি বলেন, মাদক, ছিনতাই, ডাকাতি ও অন্যান্য অপরাধ দমনে ধারাবাহিক অভিযানের কারণে এলাকায় অপরাধ প্রবণতা কমেছে।
সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে ইন্সপেক্টর নুরুল ইসলাম বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি ও তাঁর টিম নিয়মিত টহল এবং অপরাধবিরোধী অভিযান পরিচালনা করে আসছেন। এ সময়ে মাদক মামলার আসামি, ছিনতাইকারী, হত্যা মামলার আসামি, ডাকাতির প্রস্তুতিকালে জড়িত ব্যক্তি এবং পুলিশ অ্যাসল্ট মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত অনেককে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি দাবি করেন, এসব অভিযানের ফলে কলাগাছিয়া ইউনিয়ন এবং নাসিকের ১৯ ও ২০ নম্বর ওয়ার্ডের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
ইন্সপেক্টর নুরুল ইসলাম বলেন, দায়িত্ব পালনকালে কোনো নিরীহ ব্যক্তিকে হয়রানি করা হয়নি। এ বিষয়ে এলাকার সাধারণ মানুষের কাছ থেকে তথ্য নিলেই প্রকৃত চিত্র জানা যাবে। অপরাধ দমনে পুলিশের অবস্থান অতীতের মতো ভবিষ্যতেও কঠোর থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
সম্প্রতি একটি অনলাইন সংবাদমাধ্যমে তাঁর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সংবাদটি যথাযথ তথ্য যাচাই-বাছাই ছাড়াই প্রকাশ করা হয়েছে এবং প্রকাশের আগে তাঁর বক্তব্য নেওয়া হয়নি। তাঁর দাবি, অপরাধ দমনে কঠোর অবস্থানের কারণে একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে তাঁর পেশাগত ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে।
এ সময় তিনি গণমাধ্যমকর্মীদের প্রতি যেকোনো অভিযোগ প্রকাশের আগে তথ্য যাচাই এবং সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য গ্রহণের আহ্বান জানান।





































