বন্দরে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৪
নারায়ণগঞ্জের বন্দরে পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ইয়াবা ও গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১ ও পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ বন্দর থানার মদনপুর বাসস্ট্যান্ড সংলগ্ন সামাদ ভূঁইয়া মার্কেটের সামনে অভিযান চালায়। এ সময় ২ হাজার ২০ পিস ইয়াবাসহ মো. মজিবুর রহমান (৫৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি দেওভোগ এলাকার মৃত আলী আকবরের ছেলে।
এদিকে বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে বন্দর থানার এসআই মো. জাকির হোসেনের নেতৃত্বে একটি দল কয়লাঘাট এলাকায় শাহজাহানের মুদি দোকানের সামনে অভিযান চালিয়ে ২৫০ গ্রাম গাঁজাসহ মো. আলী আক্কাস (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করে। তিনি ফরাজীকান্দা এলাকার মৃত আলী আকবরের ছেলে।
এ ছাড়া বন্দর থানার পৃথক অভিযানে পরোয়ানাভুক্ত পলাতক আসামি রফিকুল ইসলাম সোহান (২৪) গ্রেপ্তার হন। একই দিনে চুরির অভিযোগে বন্দর থানার বাড়িখালী এলাকা থেকে স্থানীয় লোকজন রাকিব (২২) নামে এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। রাকিব ওলাক পূর্ব কুশিয়ারা এলাকার হালিম মিয়ার ছেলে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। মাদক ও অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।





































