নাহার চেস একাডেমির মাতৃভাষা দিবস রেপিড রেটিং দাবা প্রতিযোগিতা
নাহার চেস একাডেমি আয়োজিত ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস রেপিড রেটিং দাবা প্রতিযোগিতায়’ সিনিয়র গ্রুপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন ক্যান্ডিডেট মাস্টার মো. আবু হানিফ (রেটিং ২১৮৭)।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত প্রতিযোগিতায় নারায়ণগঞ্জের সাবেক জেলা চ্যাম্পিয়ন আবু হানিফ নয় রাউন্ডের সবকটি খেলায় জয়ী হয়ে পূর্ণ ৯ পয়েন্ট অর্জন করেন।
একই গ্রুপে ৮ পয়েন্ট সংগ্রহ করে রানারআপ হন মো. আব্দুর রশীদ (রেটিং ১৭৬৮)। এছাড়া সমান ৬ পয়েন্ট পেয়ে টাইব্রেকিংয়ে তৃতীয় ও চতুর্থ স্থান অর্জন করেন যথাক্রমে মো. শহীদুল ইসলাম স্বপন ও সৈয়দ মনিরুল হক।
অন্যদিকে জুনিয়র গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছেন জেলা জুনিয়র বালিকা চ্যাম্পিয়ন নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী নুসরাত হাসান নাবা (রেটিং ১৫২৬)। নাবা সাড়ে তিন পয়েন্ট অর্জন করেন।
তিন পয়েন্ট পেয়ে দ্বিতীয় হন আমলাপাড়া শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী অরণ্য রায়। এছাড়া তৃতীয় থেকে পঞ্চম স্থান অর্জন করেন যথাক্রমে সমাদ্রীত সাম্য, পার্থ সাহা ও রূপান্তর সৌর।
দিনের শুরুতে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন এসোসিয়েশন অব চেস প্লেয়ার্স অব বাংলাদেশ (এসিপিবি)-এর দপ্তর সম্পাদক আবু হানিফ। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক ও লেখক সাব্বির আহমেদ সেন্টু এবং সাবেক জেলা চ্যাম্পিয়ন সৈয়দ মনিরুল হক।
নারায়ণগঞ্জ জেলার পাঁচজন সিনিয়র দাবাড়ু ও নাহার চেস একাডেমির শীর্ষ পাঁচজন ক্ষুদে দাবাড়ুসহ মোট দশজন খেলোয়াড় নয় রাউন্ডের রাউন্ড-রবিন লীগ পদ্ধতিতে দিনব্যাপী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
খেলায় বিচারকের দায়িত্ব পালন করেন আন্তর্জাতিক রেটেড দাবাড়ু ও জাতীয় দাবা বিচারক মোহাম্মদ নাজমুল হাসান (রুমি)। শহরের আমলাপাড়াস্থ নাহার চেস একাডেমির দাবা কক্ষে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।





































