১৯ জুলাই ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:৫৮, ১৮ জুলাই ২০২৬

বন্দরে যুবককে অপহরণের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বন্দরে যুবককে অপহরণের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বামে সাগর, ডানে অভিযুক্ত সোহান

নারায়ণগঞ্জের বন্দর থানাধীন মোল্লাবাড়ি দিঘিরপাড় এলাকার বাসিন্দা সাগর (২০)কে অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার বাবা মো. রেজাউল হক বন্দর থানায় লিখিত অভিযোগ করেছেন।

লিখিত অভিযোগে রেজাউল হক উল্লেখ করেন, গত ১৬ জুলাই সকাল ১০টার দিকে সোহান (২৬), লিওন (২২), সানি (২৩) ও আরও ৪-৫ জন অজ্ঞাত ব্যক্তি তার ছেলে সাগরকে মারধর করে জোরপূর্বক একটি ব্যাটারিচালিত অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

অভিযোগে আরও বলা হয়, অভিযুক্তদের সঙ্গে সাগরের পূর্বশত্রুতা ছিল। সেই বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে তাকে অপহরণ করা হয়েছে বলে পরিবারের দাবি। ছেলের বিষয়ে জানতে অভিযুক্ত সোহানের বাড়িতে গেলে সোহান ও তার সহযোগীরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায় এবং প্রাণনাশের হুমকি দেয়।

এদিকে শনিবার একটি সিসিটিভি ফুটেজ সামনে এসেছে। পরিবারের দাবি, ওই ফুটেজে তিন ব্যক্তিকে সাগরকে জোরপূর্বক একটি ব্যাটারিচালিত অটোরিকশায় তুলে খানবাড়ি মোড় থেকে চিতাশাল এলাকার দিকে নিয়ে যেতে দেখা যায়।

রেজাউল হক বলেন, তার ছেলে জীবিত না মৃত- এ বিষয়ে তারা নিশ্চিত নন। দ্রুত সাগরকে উদ্ধারের পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

এ বিষয়ে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়