চট্টগ্রামে বন্যাকবলিত ৩৫০ পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যাকবলিত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে নারায়ণগঞ্জের সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন হিলফুল ফুযুল শান্তি সংঘ।
শুক্রবার (১৭ জুলাই) সংগঠনটির উদ্যোগে বন্যাদুর্গত প্রায় ৩৫০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি ক্ষতিগ্রস্ত কয়েকটি পরিবারকে আর্থিক সহায়তাও দেওয়া হয়।
খাদ্যসামগ্রী বিতরণ শেষে সংগঠনের সভাপতি মো. মাহতাব হোসেন সাংবাদিকদের বলেন, দেশের যেকোনো দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে আসছে হিলফুল ফুযুল শান্তি সংঘ। এবারও চট্টগ্রামের বাঁশখালীর বন্যাকবলিত মানুষের জন্য সংগঠনের সদস্যরা খাদ্যসামগ্রী ও আর্থিক সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছেন।
তিনি বলেন, বন্যার পানি অনেকাংশে নেমে গেলেও ক্ষয়ক্ষতির চিহ্ন এখনও স্পষ্ট। বিশেষ করে মাটির ঘরগুলো ধসে পড়েছে এবং একচালা-দোচালা ঘরগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন খাদ্যসামগ্রী বিতরণ করলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। বর্তমানে শুকনো খাবারের চেয়ে রান্না করা বা ভারী খাবারের ব্যবস্থা করা বেশি জরুরি।
মাহতাব হোসেন আরও বলেন, ২০২২ সালে সিলেট-সুনামগঞ্জের বন্যা এবং ২০২৪ সালে বৃহত্তর নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনীর বন্যার সময়ও হিলফুল ফুযুল শান্তি সংঘ দুর্গত মানুষের পাশে ছিল। মানবিক কর্মকাণ্ড বাস্তবায়নে যারা নানাভাবে সহযোগিতা করেছেন, তাদের প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞতা জানান।
তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পুনর্নির্মাণে সরকার, বিভিন্ন সংস্থা ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. নাজির ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল্লাহ আল মামুন, অর্থ সম্পাদক মো. আলমগীর হোসেন মিজি, মো. বাদশা খান, মো. শাহ আলম, মো. নাঈম এবং নূরে মদিনা ব্লাড ডোনেশন ক্লাবের সভাপতি মোহাম্মদ রাজিব খান, সাধারণ সম্পাদক মো. বাদল কাজী, আপন, সাব্বির, সাফিন, সানেন, হাফেজ মো. শফিকসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।





































