ইউপিতে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত ‘অগণতান্ত্রিক’: আবদুল জব্বার
সিটি কর্পোরেশন ও জেলা পরিষদের পর ইউনিয়ন পরিষদেও প্রশাসক নিয়োগের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমীর আবদুল জব্বার।
শনিবার (১৮ জুলাই) এক ফেসবুক পোস্টে তিনি বলেন, সিটি কর্পোরেশন ও জেলা পরিষদে প্রশাসক নিয়োগের পর সরকার এখন ইউনিয়ন পরিষদেও প্রশাসক নিয়োগের মতো অসাংবিধানিক ও অগণতান্ত্রিক কার্যক্রম শুরু করেছে। তিনি এই রাষ্ট্রবিরোধী ও দলকানা সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
আবদুল জব্বার বলেন, এই সিদ্ধান্ত জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিত্ব প্রতিষ্ঠার পথকে বাধাগ্রস্ত করবে। এর পরিবর্তে দলীয় বিবেচনায় প্রশাসক নিয়োগের মাধ্যমে জনগণের প্রতিষ্ঠানগুলো ধীরে ধীরে দলীয় কার্যালয়ে পরিণত হবে। এটি গণতন্ত্র, স্থানীয় সরকার ব্যবস্থা এবং জনগণের প্রত্যাশার পরিপন্থী।
তিনি আরও বলেন, ৫ আগস্ট-পরবর্তী বাংলাদেশে জনগণের আকাঙ্ক্ষা ছিল একটি জবাবদিহিমূলক, গণতান্ত্রিক ও নিরপেক্ষ রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা। প্রশাসক নিয়োগের নামে দলীয়করণের এই উদ্যোগ সেই প্রত্যাশার সঙ্গে সম্পূর্ণ অসামঞ্জস্যপূর্ণ এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
উল্লেখ্য গত ১৬ জুলাই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রকাশিত প্রজ্ঞাপনে রূপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে নূরনবী ভূঁইয়ার নিয়োগের তথ্য জানানো হয়। একই প্রজ্ঞাপনে ইউনিয়নের ৯টি ওয়ার্ডে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের ইউপি সদস্য এবং তিনজন মহিলা দল নেত্রীকে সংরক্ষিত নারী সদস্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।





































