১৮ ফেব্রুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ১৮:৫৭, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৮:৫৭, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

নাহার চেস একাডেমির পুরস্কার বিতরণী

শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে দাবা অত্যন্ত সহায়ক: সাবরীনা ইয়াছমীন

শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে দাবা অত্যন্ত সহায়ক: সাবরীনা ইয়াছমীন

নাহার চেস একাডেমি আয়োজিত বিভিন্ন দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শহরের আমলাপাড়ায় একাডেমির ক্রীড়াকক্ষে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি তোলারাম কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক সাবরীনা ইয়াছমীন সাথী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “দাবা একটি বুদ্ধির ও চিন্তার খেলা। এটি শুধু ক্রীড়া বিনোদন নয়, বরং জীবন গঠনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। দাবা আমাদের চিন্তাশক্তি ও ধৈর্য বাড়ায় এবং সঠিক সিদ্ধান্ত নিতে শেখায়।”
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পড়াশোনার পাশাপাশি দাবা খেললে যেমন আনন্দ পাওয়া যায়, তেমনি জীবনে সফলতাও অর্জন সম্ভব।

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জের ক্ষুদে দাবাড়ুদের মাঝে অসাধারণ প্রতিভা রয়েছে। ভবিষ্যতে তারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জন করবে- এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

জাতীয় দাবা বিচারক ও দাবা প্রশিক্ষক মোহাম্মদ নাজমুল হাসান রুমির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী ও দাবানুরাগী অ্যাডভোকেট আবু রায়হান, দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক ও লেখক সাব্বির আহমেদ সেন্টু এবং নাবা স্কুলের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক সোনিয়া আজাদ।

আলোচনা শেষে পুরস্কার বিতরণ পর্বে নাহার চেস একাডেমি আয়োজিত চারটি প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রতিযোগিতাগুলো হলো- বিজয় দিবস দাবা প্রতিযোগিতা, নিউ ইয়ার রেপিড চেস টুর্নামেন্ট, এনসিএ প্রথম আন্তর্জাতিক রেপিড রেটিং দাবা প্রতিযোগিতা এবং নাহার চেস রেপিড দাবা প্রতিযোগিতা।

নারায়ণগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষুদে দাবাড়ুরা অতিথিদের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন। 

পুরস্কার গ্রহণ করেন- নুসরাত হাসান নাবা, মো. রাহিব রহমান, মো. রোহান খান, রূপান্তর সৌর, আরিয়ান সামির আনান ও আশফাক সাফিন আহনাফ।

সর্বশেষ

জনপ্রিয়