নাহার চেসে সিনিয়রে তৌহিদুল, জুনিয়রে নাবা চ্যাম্পিয়ন
নাহার চেস একাডেমি আয়োজিত ‘এনসিএ ১ম আন্তর্জাতিক র্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতায়’ বুধবার (৪ ফেব্রুয়ারি) সিনিয়র গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছেন তৌহিদুল ইসলাম শিলু (রেটিং ১৯৭৫)। নারায়ণগঞ্জের সাবেক জেলা চ্যাম্পিয়ন শিলু ৭.৫ পয়েন্ট সংগ্রহ করে এই কৃতিত্ব অর্জন করেন।
একই গ্রুপে রানার-আপ হয়েছেন আরেক সাবেক জেলা চ্যাম্পিয়ন সৈয়দ মনিরুল হক (রেটিং ১৮৮৭), যিনি ৭ পয়েন্ট অর্জন করেন। এছাড়া সিনিয়র গ্রুপে সাবেক জেলা চ্যাম্পিয়ন মো. মোকসেদ খান তৃতীয় এবং মোঃ নাদিম মিয়া চতুর্থ স্থান অধিকার করেন।
অন্যদিকে, জুনিয়র গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছেন জেলা জুনিয়র বালিকা চ্যাম্পিয়ন নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের অষ্টম শ্রেণির নুসরাত হাসান নাবা (রেটিং ১৫২৬)। নাবা ৪.৫ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষ স্থান অধিকার করেন। সমান তিন পয়েন্টে ট্রাইব্রেকিং ব্যবস্থায় রানার-আপ ও তৃতীয় হয়েছেন যথাক্রমে আইইটি সরকারি উচ্চ বিদ্যালয়ের আহনাফ সাফিন (রেটিং ১৭৩৬) এবং নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের মো. রাহিব রহমান (রেটিং ১৫৬১)।
নারায়ণগঞ্জ জেলার পাঁচজন সিনিয়র দাবাড়ু এবং নাহার চেস একাডেমির শীর্ষ পাঁচ ক্ষুদে দাবাড়ু মিলিয়ে মোট ১০ জন প্রতিযোগী নয় রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে এই দিনব্যাপী প্রতিযোগিতায় অংশ নেন।
বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক ও লেখক সাব্বির আহমেদ সেন্টু।
খেলায় বিচারকের দায়িত্ব পালন করেন আন্তর্জাতিক রেটেড দাবাড়ু ও জাতীয় দাবা বিচারক মোহাম্মদ নাজমুল হাসান (রুমি)। প্রতিযোগিতাটি শহরের আমলাপাড়া এলাকায় নাহার চেস একাডেমির দাবা কক্ষে অনুষ্ঠিত হয়।





































