ইউপি নির্বাচনের তোড়জোড় বাড়ছে, প্রার্থী বাছাইয়ে হিসাব-নিকাশ
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পর নারায়ণগঞ্জের সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা বেড়েছে। জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিল রাজনৈতিক দলগুলো। গত কয়েক মাসে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা এলাকায় জনসংযোগ, সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় হয়েছেন। নির্বাচন কমিশনের ঘোষিত সময়সূচি সামনে আসায় সেই তৎপরতা আরও জোরালো হয়েছে।
নারায়ণগঞ্জের পাঁচ উপজেলায় ৩৯টি ইউনিয়ন পরিষদ রয়েছে। এসব ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপি ও এর সহযোগী সংগঠনের একাধিক নেতা নিজেদের প্রার্থিতা জানান দিচ্ছেন। অন্যদিকে, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কয়েকটি ইউনিয়নে প্রার্থী বাছাই ও সাংগঠনিক প্রস্তুতি এগিয়ে রেখেছে। কোনো কোনো এলাকায় সম্ভাব্য প্রার্থীদের নামও প্রকাশ্যে এসেছে।
নির্বাচন কমিশনের ঘোষিত পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের ২১ জানুয়ারি প্রথম ধাপে ইউপি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হবে। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোট হওয়ার কথা রয়েছে। ২৭ মে’র মধ্যে প্রায় ৪ হাজার ৩০০ ইউনিয়ন পরিষদের নির্বাচন শেষ করার পরিকল্পনা জানিয়েছে কমিশন।
তবে কোন ইউনিয়ন কোন ধাপে নির্বাচন হবে, তা চূড়ান্ত করতে ১৬ নভেম্বর কমিশন সভায় আলোচনা হয়েছে। তফসিল ঘোষণা করবেন সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তারা। সাধারণত ভোটের প্রায় ৪০ থেকে ৪৫ দিন আগে তফসিল ঘোষণা করা হবে।
স্থানীয় রাজনৈতিক নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, বিএনপি স্থানীয় পর্যায়ে প্রার্থী বাছাইয়ের কাজ চালালেও এখন পর্যন্ত চূড়ান্ত তালিকা প্রকাশ করেনি। একই ইউনিয়নে দলের একাধিক নেতা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী হওয়ায় সমন্বয় করে একজনকে সমর্থন দেওয়ার বিষয়ে ভাবছে দলটি।
জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ এর আগে জানিয়েছিলেন, মাঠপর্যায়ে জরিপ চলছে। দলীয় প্রক্রিয়া অনুসরণ করে প্রার্থী চূড়ান্ত করা হবে। একাধিক নেতা একই পদে আগ্রহী হলে আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার কথাও বলেছিলেন তিনি।
তবে বিএনপির প্রার্থী বাছাইয়ে স্থানীয় সংসদ সদস্যদের প্রভাব গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে দলটির স্থানীয় একাধিক নেতার সঙ্গে কথা বলে আভাস পাওয়া গেছে। নারায়ণগঞ্জের পাঁচ আসনের চারটিতে বিএনপির সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় ইউনিয়ন পর্যায়ের নেতৃত্বে তাদের প্রভাব রয়েছে। ফলে সংসদ সদস্যদের ঘনিষ্ঠ নেতারা প্রার্থী বাছাইয়ে এগিয়ে থাকতে পারেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অবশ্য দলীয় প্রতীক বা আনুষ্ঠানিক মনোনয়ন না থাকায় সংসদ সদস্যদের পছন্দের প্রার্থীর বাইরে অন্যরা স্বতন্ত্রভাবে নির্বাচনে থাকার বিকল্প প্রস্তুতিও নিচ্ছেন।
অন্যদিকে, জামায়াতে ইসলামী প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে বিএনপির চেয়ে এগিয়ে থাকার দাবি করেছে। দলটির প্রচার সম্পাদক আব্দুল মোমিন জানিয়েছিলেন, সংগঠনের পক্ষ থেকে যাদের প্রার্থী ঘোষণা করা হয়েছে, তারা প্রস্তুতি নিচ্ছেন। সংগঠনের বাইরে থেকে প্রার্থী হওয়ার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। দলটির নেতাদের ভাষ্য, সামাজিক কর্মকাণ্ড ও সাংগঠনিক তৎপরতা তারা নির্বাচনের বাইরেও নিয়মিত চালিয়ে আসছেন।
ফতুল্লার এনায়েতনগর ইউনিয়নে গত ৫ জুন এক অনুষ্ঠানে জামায়াতের মহানগর আমীর মাওলানা আবদুল জব্বার চেয়ারম্যান পদে হাফেজ আব্দুল মোমিনের নাম ঘোষণা করেন। ওই অনুষ্ঠানে তিনি বলেন, ছাত্রনেতা থাকাকালে আওয়ামী লীগের শাসনামলে রাজনৈতিক সহিংসতায় আব্দুল মোমিন একটি চোখ হারিয়েছেন। তাকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে জনগণের সামনে তুলে ধরে ভোটের মাধ্যমে নির্বাচিত করার আহ্বান জানান জব্বার।
এনসিপিও ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থী বাছাইয়ের কাজ করছে। দলটির জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নিরব রায়হান জানিয়েছিলেন, নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় প্রার্থী ঘোষণার প্রস্তুতি চলছে। কয়েকজনের নাম আগেই ঘোষণা করা হয়েছে; কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী বাকিদের নামও সময়মতো প্রকাশ করা হবে।
দলটির জেলা আহ্বায়ক যুবাইর আহমেদের ভাষ্য, স্থানীয় সরকারকে জনগণের অংশগ্রহণমূলক ও স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে শক্তিশালী করতে চায় এনসিপি। প্রার্থী বাছাইয়ে তরুণ, শিক্ষক, নারী, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছিলেন তিনি। তবে সদর ও ফতুল্লা অঞ্চলের কয়েকটি ইউনিয়ন সিটি করপোরেশনে যুক্ত হওয়ার সম্ভাবনা এবং সীমানা জটিলতার কারণে ওই দুই এলাকায় প্রার্থী ঘোষণায় অপেক্ষা করছে দলটি।
সব মিলিয়ে দলীয় প্রতীক ছাড়াই অনুষ্ঠেয় এই নির্বাচনকে ঘিরে নারায়ণগঞ্জের ইউনিয়নগুলোতে রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিযোগিতার প্রস্তুতি চলছে। বিএনপির ক্ষেত্রে একাধিক সম্ভাব্য প্রার্থীর মধ্যে সমন্বয় এবং সংসদ সদস্যদের পছন্দ-অপছন্দ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। অন্যদিকে, জামায়াত ও এনসিপি আগেভাগে প্রার্থী বাছাই ও সাংগঠনিক প্রস্তুতি এগিয়ে নেওয়ার চেষ্টা করছে। শেষ পর্যন্ত কোন ইউনিয়নে কারা প্রার্থী হবেন, তা নির্ভর করবে দলগুলোর চূড়ান্ত সিদ্ধান্ত, স্থানীয় সমীকরণ ও নির্বাচনী তফসিলের ওপর।





































