বন্দরে আবাসিক এলাকায় ময়লার স্তূপ, দুর্ভোগে শতাধিক পরিবার
নারায়ণগঞ্জের বন্দরে লেজারার্স আবাসিক এলাকায় মাসের পর মাস ধরে জমে থাকা ময়লার স্তূপে দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। আবাসিক এলাকার একটি প্লটজুড়ে ফেলে রাখা হয়েছে নানা ধরনের আবর্জনা। এতে দুর্গন্ধের পাশাপাশি মশার উপদ্রব ও ডেঙ্গুর ঝুঁকি বাড়ার আশঙ্কা করছেন এলাকাবাসী। একই সঙ্গে শিক্ষার্থী ও পথচারীদের চলাচলেও ভোগান্তির সৃষ্টি হচ্ছে।
সোমবার (১৬ নভেম্বর) সরেজমিনে দেখা যায়, সাবেক ছাত্রলীগ নেতা খান মাসুদের বাড়ির পাশে একটি প্লটজুড়ে আবর্জনার স্তূপ জমে রয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মাসের পর মাস ধরে এসব ময়লা সেখানে পড়ে থাকলেও অপসারণে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। শুধু প্লটেই নয়, অনেক সময় আশপাশের রাস্তায়ও ময়লা ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা জানান, ময়লার স্তূপের আশপাশে ২০টির বেশি বহুতল ভবন রয়েছে। এসব ভবনে বসবাস করছে প্রায় ১০০টি পরিবার। দীর্ঘদিন ধরে আবর্জনা জমে থাকায় দুর্গন্ধে তাঁদের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে। বিশেষ করে শিক্ষার্থীদের যাতায়াতের সময় নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
এ ছাড়া ময়লার স্তূপে পানি জমে মশার প্রজনন ও ডেঙ্গু ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন বাসিন্দারা।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২২ নম্বর ওয়ার্ড সচিবের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
এলাকাবাসীর দাবি, দ্রুত ময়লার স্তূপ অপসারণ করে আবাসিক এলাকার পরিবেশ পরিচ্ছন্ন ও বসবাসের উপযোগী করা হোক।





































