সোনারগাঁয়ে ৯ কেজি গাঁজাসহ তিনজন গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৯ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত সোয়া ১টার দিকে পিরোজপুর ইউনিয়নের মেঘনা টোল প্লাজার সামনে আষারিয়ারচর পুলিশ চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল এলাকার আব্দুল লতিফের ছেলে ফয়সাল ওরফে জুজু (২৯), একই উপজেলার কুঠি ইউনিয়নের কুঠি জাজিয়ারা এলাকার মোহন মিয়ার ছেলে আরিফ (২৩) এবং মানিকগঞ্জ সদর উপজেলার দিঘী ইউনিয়নের ছুটিভাগবাউল এলাকার মো. জবেদ আলীর ছেলে মো. শাকিল (৩৭)।
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহম্মদ আব্দুল বারিকের তত্ত্বাবধানে পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহাসড়কের চেকপোস্ট এলাকায় গ্রেপ্তার ব্যক্তিদের হেফাজত থেকে টেপ দিয়ে মোড়ানো তিনটি পলিথিনের ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগগুলোতে যথাক্রমে চার, তিন ও দুই কেজি গাঁজা ছিল।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে সোপর্দ করা হয়েছে।





































