সিদ্ধিরগঞ্জে সাগরের নেতৃত্বে নানা কর্মসূচিতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে সিদ্ধিরগঞ্জের ৭ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া নাভানা মাঠ প্রাঙ্গণে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর যুবদল নেতা অ্যাডভোকেট রাকিবুর রহমান সাগরের নেতৃত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কর্মসূচির শুরুতে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা ওড়ানো হয়। পরে জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয় এবং এলাকায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম চালানো হয়। সবশেষে নেতাকর্মীদের উপস্থিতিতে কেক কাটা হয়।
এ সময় রাকিবুর রহমান সাগর বলেন, ৪৮ বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তরুণ ও যুবসমাজকে ঐক্যবদ্ধ করতে, উৎপাদনমুখী রাজনীতির বিকাশ এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে যুবদল গঠন করেছিলেন। সেই আদর্শ ধারণ করেই নারায়ণগঞ্জ মহানগর যুবদল এগিয়ে চলছে।
তিনি বলেন, নারায়ণগঞ্জ স্বৈরাচারবিরোধী ও গণতান্ত্রিক আন্দোলনের সূতিকাগার। নব্বইয়ের এরশাদবিরোধী আন্দোলন থেকে বিগত দিনের রাজপথের সংগ্রাম পর্যন্ত মহানগর যুবদল অগ্রণী ভূমিকা রেখেছে।
ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে সাগর বলেন, দেশ ও সার্বভৌমত্ব রক্ষা এবং আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে মহানগর যুবদল রাজপথের দায়িত্ব নেবে।
অনুষ্ঠানে স্থানীয় যুবদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





































