২২ নম্বর ওয়ার্ডে নিয়মিত ময়লা অপসারণ না করার অভিযোগ, অবিচল রাজবাড়ীর ক্ষোভ
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২২ নম্বর ওয়ার্ডের এইচ এম সেন রোড এলাকায় বাসাবাড়ির ময়লা নিয়মিত অপসারণ না করার অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, প্রতি মাসে অর্থ পরিশোধ করা হলেও বর্জ্য সংগ্রহের দায়িত্বে থাকা কর্মীরা মাসে প্রায় ১০ থেকে ১৫ দিন অনুপস্থিত থাকেন।
স্থানীয়দের অভিযোগ, নিয়মিত ময়লা সংগ্রহ না করায় বাসাবাড়িতে দিনের পর দিন বর্জ্য জমে থাকে। এতে দুর্গন্ধ ছড়িয়ে পরিবেশ দূষিত হচ্ছে এবং জনস্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে।
এলাকাবাসী জানান, সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কার্যকর ফল পাওয়া যায়নি। নিয়মিত অর্থ পরিশোধের পরও প্রত্যাশিত সেবা না পাওয়ায় তাঁদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসকের জরুরি হস্তক্ষেপ দাবি করেছে অরাজনৈতিক সামাজিক সংগঠন ‘অবিচল রাজবাড়ী’।
সংগঠনটি অভিযোগ তদন্ত করে দায়িত্বে অবহেলা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, দক্ষ ও জবাবদিহিমূলক কর্মীদের মাধ্যমে নিয়মিত বর্জ্য অপসারণ এবং কার্যকর তদারকি নিশ্চিত করার দাবি জানিয়েছে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২২ নম্বর ওয়ার্ড সচিবের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।





































