মাদরাসা শিক্ষায় পরিবর্তন এসেছে, হীনমন্যতার সুযোগ নেই: মইনুদ্দিন আহমাদ
মাদরাসায় পড়াশোনা নিয়ে শিক্ষার্থীদের কোনো ধরনের হীনমন্যতায় ভোগার কারণ নেই বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাওলানা মইনুদ্দিন আহমাদ।
তিনি বলেন, একসময় প্রচলিত ধারণা ছিল দরিদ্র পরিবারের সন্তানরা মাদরাসায় পড়াশোনা করে। বর্তমানে সেই ধারণার ব্যাপক পরিবর্তন হয়েছে। মাদরাসা শিক্ষার ক্ষেত্রেও পরিবর্তন এসেছে, তাই এ শিক্ষা গ্রহণে হীনমন্যতায় ভোগার কোনো সুযোগ নেই।
শনিবার (২৯ আগস্ট) সকালে নারায়ণগঞ্জের আদর্শ মহিলা আলিম মাদরাসায় সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা মইনুদ্দিন আহমাদ বলেন, মাত্র দুইজন ছাত্রী নিয়ে আদর্শ মহিলা আলিম মাদরাসার যাত্রা শুরু হয়েছিল। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণ করে মানুষের জীবন পরিচালনার লক্ষ্যেই প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছে।
তিনি বলেন, ‘আল্লাহ তায়ালা রাজি থাকলে এই প্রতিষ্ঠান একদিন কামিল পর্যন্ত উন্নীত হবে—এটাই আমাদের চিন্তা ও প্রত্যাশা।’ আগামী দুই বছরের মধ্যে এ প্রতিষ্ঠানে ফাজিল শিক্ষা কার্যক্রম চালু করার আশ্বাসও দেন তিনি।
শিক্ষার্থীদের শুধু পাঠ্যজ্ঞান অর্জন নয়, মানবিক গুণাবলি বিকাশের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, শিক্ষার মূল উদ্দেশ্য শুধু ভালো ফলাফল অর্জন নয়; শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক গুণাবলিসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলাও জরুরি। এ ক্ষেত্রে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক সোসাইটি অব নারায়ণগঞ্জের চেয়ারম্যান মোহাম্মদ শামসুল হক। বক্তব্যে তিনি প্রতিষ্ঠানটির অগ্রযাত্রায় যারা দীর্ঘদিন ধরে কাজ করেছেন, তাদের অবদানের কথা স্মরণ করেন। ইসলামিক সোসাইটি অব নারায়ণগঞ্জের ৪৯ জন সদস্য বিদায় নিয়েছেন উল্লেখ করে তাদের জন্য দোয়া করেন এবং প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আদর্শ মহিলা আলিম মাদরাসার চেয়ারম্যান ডা. মো. আলী আশরাফ খান। তিনি বলেন, যারা নিজেদের মেধা, শ্রম ও ভালোবাসা দিয়ে প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিতে ভূমিকা রেখেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন। ভবিষ্যতে প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। প্রতিষ্ঠানের উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা কামনা করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নারায়ণগঞ্জ লঞ্চ মালিক সমিতির সভাপতি মো. বদিউজ্জামান বাদল, এইচ এম নাসির উদ্দিন, মোহাম্মদ আবু হানিফ ও ব্যবসায়ী মর্তুজা খোকন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন আদর্শ মহিলা আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদা আক্তার। তিনি স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মুহতারিমা সাবিকুন্নেসা কলি ও মুতারিমা সাবাহ বিনতে সাঈদ। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ইউসা ইসলাম।
অনুষ্ঠানে অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে বিভিন্ন মাদরাসার শিক্ষকদের সম্মাননা এবং ছাত্রীদের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে এক শতাধিক পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় অভিভাবক প্রতিনিধি মুফতি রহমতুল্লাহ ও অভিভাবক আবু নোমান বক্তব্য দেন। এ ছাড়া পরিচালনা কমিটির সভাপতি ও ব্যবসায়ী আবু সুফিয়ান, বিশিষ্ট ক্রীড়াবিদ জাহাঙ্গীর কবির পোকনসহ শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।





































