ত্বকী হত্যার বিচার বিলম্বে অ্যাড. মাসুমের ক্ষোভ
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম বলেছেন, “আমরা কারও দয়ায় বাংলাদেশে বসবাস করি না। আমরা আমাদের সন্তান হত্যার বিচার চাই। উচ্চ আদালতের আদেশ নিয়ে র্যাবকে এই মামলার দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু র্যাব গত ৪ মাস ধরে দিনের পর দিন কেবল সময় নিয়েই যাচ্ছে। আর কত সময় লাগবে আপনাদের? সাত খুনের ঘটনার সাথে যুক্ত হয়ে আপনারা ধ্বংস হয়ে গিয়েছিলেন, ত্বকী হত্যার চার্জশিট দিয়ে আপনারা সেখান থেকে ফিরে আসতে পারতেন। কিন্তু আপনারা এখনো সেটা করছেন না।”
বুধবার (৮ জুলাই) সন্ধ্যায় ত্বকী হত্যার ১৬০ মাস উপলক্ষে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের আলোক প্রজ্বালন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার বিচারের দাবিতে প্রতি মাসের ৮ তারিখের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এই সভার আয়োজন করা হয়।
সরকার ও তদন্ত সংস্থার কঠোর সমালোচনা করে মাসুম বলেন, “ত্বকী হত্যার বিচারের দাবিতে আমরা প্রতি মাসের ৮ তারিখে মোমবাতি প্রজ্জ্বলন করি। কারণ আমরা ত্বকীর লাশ সামনে রেখে বলেছিলাম, যতদিন বিচার না হবে আমরা ঘরে ফিরব না। কিন্তু আমরা কী দেখছি? স্বৈরাচারী শেখ হাসিনা আর বর্তমান সরকারের প্রধানমন্ত্রী কি এক কাতারে চলে গেলেন? এই সরকার আসার পর সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ত্বকী হত্যার বিচারের দাবি জানিয়ে জানতে চাওয়া হয়েছে, অথচ সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না। সরকার পদক্ষেপ নিচ্ছে না বলেই তদন্ত কর্মকর্তা কোর্ট থেকে মাসের পর মাস সময় নিচ্ছেন।”
তিনি র্যাবের উদ্দেশ্যে বলেন, “আমি র্যাবকে অনুরোধ করব, আগামী যে তারিখ ধার্য আছে, তার মধ্যেই আদালতে চার্জশিট দাখিল করুন। আগামী তারিখে যদি আমরা চার্জশিট না পাই, তবে আমরা আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব। তখন কিন্তু আপনারা বিতর্কিত হবেন।”
সরাসরি সরকারপ্রধানের দৃষ্টি আকর্ষণ করে মাসুম বলেন, “বর্তমান প্রধান মন্ত্রী তারেক রহমান সাহেব নারায়ণগঞ্জের কোথায় মাদকের স্পট, কোথায় কী হচ্ছে না হচ্ছে- সব খবরই রাখেন। কিন্তু ত্বকী হত্যার বিচার হচ্ছে না, এই খবর তিনি রাখেন না- এটা আমি বিশ্বাস করতে পারি না। আপনার মা এই ত্বকী হত্যার বিচার চেয়েছিলেন, আশ্বস্ত করেছিলেন। আজকে আপনি সরকারপ্রধান হয়ে আপনার মায়ের কথা ভুলে যাচ্ছেন কেন? ভুলে যাওয়া উচিত না। আমরা কারও দয়া বা ভিক্ষা চাই না, আমরা ন্যায়বিচার চাই। দয়া করে ত্বকী হত্যার চার্জশিট দেওয়ার জন্য অবিলম্বে নির্দেশ দিন।”
তিনি আরও বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি তো অনেক বড় সংবিধান বিশেষজ্ঞ। সংবিধানে যারা খুন হয়, তাদের বিচার বিলম্বিত করার ধারাটা কোথায় আছে, আমি আপনার কাছে জানতে চাই।”
সংগঠনের সভাপতি মনি সুপান্থ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দীনা তাজরীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি, শিশু সংগঠক রথীন চক্রবর্তী, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্য সচিব কবি সাংবাদিক হালিম আজাদ, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ভবানী শংকর রায়, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাদারণ সম্পাদক জাহিদুল হক দীপু, ন্যাপ জেলা সভাপতি এড. আওলাদ হোসেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি মাহমুদ হোসেন, সামাজিক সংগঠন সমমনার সভাপতি সালাহউদ্দিন আহমেদ, বাসদের জেলা সংগঠক প্রদীপ সরকার প্রমুখ।





































