নিউইয়র্কে নারায়ণগঞ্জ জেলা সমিতির ঈদ পুনর্মিলনীতে এটিএম কামাল
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জেলা সমিতি অব নর্থ আমেরিকা ইনকের বর্ষবরণ ১৪৩৩ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামাল।
শুক্রবার (১৯ জুন) নিউইয়র্কের হেকশেয়ার স্টেট পার্কে নারায়ণগঞ্জের প্রবাসীদের সংগঠনটির উদ্যোগে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এটিএম কামাল নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা পরিষদের চেয়ারম্যান মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবসহ নারায়ণগঞ্জের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের শুভেচ্ছা উপস্থিত প্রবাসীদের কাছে পৌঁছে দেন।
বক্তব্যে এটিএম কামাল বলেন, “বিগত ১৭ বছর ধরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামে আমি ও আমার পরিবার নানা ধরনের নির্যাতনের শিকার হয়েছি। এর প্রভাবে বর্তমানে শারীরিক নানা সমস্যায় ভুগছি এবং যুক্তরাষ্ট্রে চিকিৎসা নিচ্ছি।”
তিনি আরও বলেন, “আমি একজন সাধারণ রাজনৈতিক কর্মী। দলের প্রয়োজনে যেকোনো সময় দেশে ফিরে আসতে প্রস্তুত রয়েছি। আপনাদের ভালোবাসা ও আন্তরিকতায় আজ অনেক দূর থেকে এখানে এসেছি। আমার জন্য সবাই দোয়া করবেন।”
অনুষ্ঠানে নারায়ণগঞ্জের বিপুলসংখ্যক প্রবাসী অংশ নেন এবং ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক আয়োজন উপভোগ করেন।





































