২০ জুন ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:১৪, ২০ জুন ২০২৬

বিএনপি নেতাদের বিরুদ্ধে মৌমিতা বাসে চাঁদাবাজির অভিযোগ

বিএনপি নেতাদের বিরুদ্ধে মৌমিতা বাসে চাঁদাবাজির অভিযোগ
ফাইল ছবি

গাজীপুরের চন্দ্রা থেকে নারায়ণগঞ্জ শহরের খানপুর পর্যন্ত চলাচলকারী মৌমিতা পরিবহনের বাসে চাঁদাবাজি ও বাধা দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে বিএনপির দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্যের ঘটনা ঘটেছে।

শনিবার (২০ জুন) নারায়ণগঞ্জ শহরের চাষাড়ার মিশনপাড়া এলাকায় মৌমিতা পরিবহনের কয়েকটি বাস থামিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে।

পরিবহনটির কয়েকজন শ্রমিক অভিযোগ করেন, চাঁদা না দেওয়ায় মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, মহানগর বিএনপির সদস্য মহিবুল্লাহ তপন এবং ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিরা সর্দারের অনুসারীরা বাস চলাচলে বাধা দেন এবং শ্রমিকদের মারধর করেন।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু। তিনি বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন।

তিনি পাল্টা অভিযোগ করে বলেন, “মৌমিতা পরিবহনের মালিকদের কাছ থেকে চাঁদাবাজির সঙ্গে মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদের সংশ্লিষ্টতা রয়েছে। সমিতির নাম করে একটি পক্ষ অর্থ আদায় করছে এবং সেই টাকা আত্মসাৎ করা হচ্ছে। অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণেই আমাদের বিরুদ্ধে এসব অভিযোগ আনা হয়েছে।”

এ বিষয়ে মৌমিতা পরিবহনের জেনারেল ম্যানেজার আমিনুর রহমান জানান, চাঁদাবাজির বিষয়ে তিনি অবগত নন। তার দাবি, বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে একটি পক্ষ অপর পক্ষের বিরুদ্ধে শ্রমিকদের মাধ্যমে অভিযোগ করাতে পারে।

তিনি বলেন, “আমরা ২০২৪ সালের পর থেকে কাউকে কোনো টাকা দিইনি। তবে আজ চাষাড়ায় আমাদের কয়েকটি বাস থামিয়ে দেওয়া হয়েছে। কারা এটি করেছে তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।”

এদিকে অভিযোগের বিষয়ে জানতে মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

ঘটনাটি ঘিরে পরিবহন শ্রমিক ও যাত্রীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তবে বিষয়টি নিয়ে এখনো কোনো পক্ষের পক্ষ থেকে আইনগত পদক্ষেপের তথ্য পাওয়া যায়নি।

সর্বশেষ

জনপ্রিয়