২৩ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৪:৪১, ২৩ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে পৃথক স্থানে বাস ও ট্রাকে আগুন

নারায়ণগঞ্জে পৃথক স্থানে বাস ও ট্রাকে আগুন

নারায়ণগঞ্জের ফতুল্লায় পৃথক দু'টি স্থানে পার্ক করে রাখা একটি বাস ও ঝুটবোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বাস ও ট্রাকের মালিকপক্ষের দাবি, পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন দেওয়া হয়েছে।

রোববার (২২ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ডের গিরিধারা এলাকায় অনাবিল পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এর কয়েক ঘণ্টা পর সোমবার (২৩ নভেম্বর) ভোর পৌনে পাঁচটার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের শহীদ রিয়া গোপ ক্রিকেট স্টেডিয়াম এলাকায় ঝুটবোঝাই একটি ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, রাত সোয়া ১২টার দিকে একটি অটোরিকশায় করে কয়েকজন ব্যক্তি সাইনবোর্ড এলাকায় আসেন। একপর্যায়ে তারা পার্কিংয়ে রাখা বাসটি লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করেন বলে অভিযোগ করেছে। এতে বাসটিতে আগুন ধরে যায়।

বাসটির মালিক রাসেল বলেন, বাসটি নারায়ণগঞ্জ-গাজীপুর রুটে চলাচল করত। রাতে কর্মীরা নির্ধারিত স্থানে বাসটি রেখে বাড়ি চলে যাওয়ার পর আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে।

অন্যদিকে ফতুল্লা স্টেডিয়াম এলাকায় সিএনজিচালিত অটোরিকশার স্ট্যান্ডের সামনে পার্ক করে রাখা ঝুটবোঝাই একটি ট্রাকে মোটরসাইকেলে যোগে এসে দুই ব্যক্তি ট্রাকটি লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যান।

ট্রাকচালক মামুন বলেন, চট্টগ্রাম থেকে পোশাক কারখানার ঝুট নিয়ে তিনি নারায়ণগঞ্জে এসেছিলাম। ভোর চারটার দিকে লিংক রোডের পাশে ট্রাকটি পার্ক করে ঘুমিয়ে পড়ি। পরে আগুনের খবর পেয়ে উঠে ট্রাকে আগুন জ্বলতে দেখতে পাই। এতে কয়েক লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সাইনবোর্ড এলাকায় বাসের আগুন নিয়ন্ত্রণে আনতে দুটি ইউনিট কাজ করে। প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অন্যদিকে ঝুটবোঝাই ট্রাকের আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রায় দেড় ঘণ্টা সময় লেগেছে। পরে সকাল সাড়ে ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, এসব ঘটনায় পর পুলিশ পরিদর্শন করেছে। এবং এর সাথে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা করছে। তবে সাইনবোর্ড এলাকায় বাসে আগুন দেওয়ার ঘটনাস্থলটি সম্ভবত যাত্রাবাড়ী থানার আওতাধীন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সর্বশেষ

জনপ্রিয়