দুর্গাপূজার বিসর্জন ঘাট পরিদর্শনে নাসিক প্রশাসক, ডিসি ও এসপি
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতিমা বিসর্জন কার্যক্রম সুষ্ঠু, নিরাপদ ও নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে নারায়ণগঞ্জ নগরীর ৫ নম্বর টার্মিনাল ঘাট পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা প্রশাসক মো. রায়হান কবির ও পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।
সোমবার (১৯ অক্টোবর) আগামী ২১ অক্টোবর প্রতিমা বিসর্জনকে সামনে রেখে ঘাটের সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন করেন তাঁরা।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা নূর কুতুবুল আলম, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি), এসআরবি পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং নাসিকের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা।
পরিদর্শনকালে প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে ঘাট এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত, দর্শনার্থী ও পূজার্থীদের নির্বিঘ্ন চলাচল এবং সার্বিক ব্যবস্থাপনা সুশৃঙ্খল রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
এ ছাড়া বিসর্জনের সময় ঘাট এলাকায় জনসমাগম নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।





































