ডিসি ও এসপিকে জার্নালিস্ট ইউনিটির সম্মাননা
আইনশৃঙ্খলা রক্ষা, মাদক ও কিশোর গ্যাং দমন এবং যানজট নিরসনে ভূমিকার স্বীকৃতি হিসেবে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির ও পুলিশ সুপার মো. হাবিবুর রহমানকে সম্মাননা স্মারক দিয়েছে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি।
রোববার (১৮ অক্টোবর) সংগঠনের নেতারা তাঁদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। সংগঠনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো. শফিকুল ইসলাম আরজু, সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, মো. আসলাম, গাজী সোহেল, সাদ্দাম হোসেন মুন্না, মো. আল আমিন, জসীমউদ্দীন, কাজী আনিসুল হক হীরা ও শাহ আলম।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্মাননা গ্রহণ করে জেলা প্রশাসক রায়হান কবির বলেন, ‘এই সম্মাননা আমার একার নয়, এটি নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগণের। জনগণের সেবা করাই আমাদের প্রধান দায়িত্ব।’
মাদক, কিশোর গ্যাং ও অপরাধ দমনে কার্যক্রম অব্যাহত রাখার কথা জানিয়ে তিনি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে নিরাপদ ও মানবিক নারায়ণগঞ্জ গড়তে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সম্মাননা গ্রহণ করে হাবিবুর রহমান বলেন, ‘এই সম্মাননা আমার একার নয়, এটি নারায়ণগঞ্জ জেলা পুলিশের প্রতিটি সদস্যের। সাংবাদিকরা সমাজের দর্পণ। আপনাদের সহযোগিতা পেলে মাদক, কিশোর গ্যাং ও অপরাধমুক্ত একটি নিরাপদ ও শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়া সম্ভব হবে।’
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজনৈতিক ও ব্যবসায়ী নেতাসহ বিভিন্ন সামাজিক সংগঠন এবং সচেতন নাগরিকদের সহযোগিতা পাওয়ার কথা উল্লেখ করে তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানান পুলিশ সুপার।
সংগঠনের সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ বলেন, জেলা প্রশাসক ও পুলিশ সুপার নিজ নিজ দায়িত্ব থেকে আইনশৃঙ্খলা রক্ষা, মাদক ও কিশোর গ্যাং দমন এবং যানজট নিরসনে কাজ করছেন। তাঁদের ভূমিকার স্বীকৃতি ও কাজে উৎসাহ দিতেই সংগঠনের পক্ষ থেকে এ সম্মাননা দেওয়া হয়েছে।





































