লিংক রোডে নারী বাউল শিল্পীকে পিটিয়ে ও ছুরিকাঘাত করে ছিনতাই
নারায়ণগঞ্জের ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ছিনতাইকারীদের হামলার শিকার হয়েছেন নীলা দেওয়ান (৪৫) নামে এক বাউল শিল্পী। তাঁকে লোহার পাইপ দিয়ে পিটিয়ে ও ছুরিকাঘাত করে নগদ টাকা, মুঠোফোন ও জাতীয় পরিচয়পত্রসহ হাতব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
শুক্রবার ভোররাতে ফতুল্লার সস্তাপুর এলাকায় নারায়ণগঞ্জ জেলা কারাগারের বিপরীতে এ ঘটনা ঘটে। আহত নীলা দেওয়ান সস্তাপুর এলাকায় বসবাস করেন। তাঁর বাবার নাম সেকান্দার আলী।
নীলা দেওয়ান জানান, পঞ্চবটির আকবর সরকার ও সোহেল দেওয়ানের যৌথ মালিকানাধীন একটি বাউল গানের ক্লাবে গান শেষে ভোররাতে ইজিবাইকে করে একাই বাড়ি ফিরছিলেন তিনি। সস্তাপুর এলাকায় পৌঁছালে দুই ব্যক্তি ইজিবাইকটির গতিরোধ করেন।
এ সময় তাঁদের একজন লোহার পাইপ দিয়ে তাঁর হাতে আঘাত করে হাতব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। ব্যাগটি রক্ষার চেষ্টা করলে অপর ব্যক্তি তাঁকে ছুরিকাঘাত করেন। একপর্যায়ে সড়কের ওপর অচেতন হয়ে পড়ে যান নীলা। পরে ছিনতাইকারীরা তাঁর ব্যাগ নিয়ে পালিয়ে যায়।
নীলা দেওয়ান বলেন, সারারাত গান গেয়ে পাওয়া পুরস্কারের ৩ হাজার টাকা, একটি মুঠোফোন ও জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় জিনিসপত্র ব্যাগে ছিল।
ইজিবাইকচালকের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আহত নীলাকে উদ্ধার করে খানপুর হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সুস্থ হয়ে থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, ছিনতাইকারীদের গ্রেপ্তারে পুলিশের চেষ্টা চলছে।





































