আরবান স্কুলে সুপেয় পানির ব্যবস্থা করলেন তনু
নারায়ণগঞ্জ শহরের চাষাড়া রেললাইনের পাশে অবস্থিত সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠান আরবান স্কুলে পানির সংকট নিরসনে এগিয়ে এসেছেন উই আর ভলেন্টিয়ার নারায়ণগঞ্জের প্রতিষ্ঠাতা ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক আহমেদুর রহমান তনু।
সোমবার (২২ জুন) দুপুরে তিনি আরবান স্কুল পরিদর্শন করেন। এসময় উই আর ভলেন্টিয়ার নারায়ণগঞ্জের পক্ষ থেকে একটি পানির মোটর স্কুলের প্রধান শিক্ষিক মাহমুদা কাউসারের কাছে হস্তান্তর করেন তিনি।
সম্প্রতি বিদ্যালয়ের একমাত্র পানির মোটর চুরি হয়ে যাওয়ায় শিক্ষার্থীদের পানির সংকটে পড়তে হয়। তীব্র গরমের মধ্যে সুপেয় পানির অভাবে শিশুদের দুর্ভোগের বিষয়টি জানতে পেরে তিনি এ উদ্যোগ নেন।
স্কুল পরিদর্শন শেষে আহমেদুর রহমান তনু বলেন, “এই স্কুলের শিশুরা সমাজের সুবিধাবঞ্চিত অংশের প্রতিনিধি। তাদের জন্য নিরাপদ ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা সবার দায়িত্ব।”
তিনি বলেন, “২০২৪ সালের গণঅভ্যুত্থানের মূল চেতনা ছিল পিছিয়ে পড়া মানুষকে এগিয়ে নেওয়া। সমাজের বঞ্চিত মানুষের অধিকার নিশ্চিত করতে আমাদের সবাইকে কাজ করতে হবে। এই শিশুদেরও সমান অধিকার রয়েছে।”
এসময় তিনি আরবান স্কুলের বিভিন্ন সমস্যা তুলে ধরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন। বিশেষ করে বিদ্যালয়ের কিছু জমি বেদখল হওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, “এই বিদ্যালয়ের বেদখল হওয়া জায়গা উদ্ধারে জেলা প্রশাসকের হস্তক্ষেপ প্রয়োজন। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার জন্য আমি অনুরোধ জানাই।”
তনু আরও বলেন, “সুবিধাবঞ্চিত শিশুদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। তাদের এগিয়ে নিতে সরকারি, বেসরকারি ও সামাজিক উদ্যোগে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”
এদিকে পানির মোটর পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন স্কুলের প্রধান শিক্ষিকা মাহমুদা কাউসার। তিনি বলেন, পানির মোটর চুরি হয়ে যাওয়ার পর দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের ভোগান্তি হচ্ছিল। নতুন মোটর পাওয়ায় পানির সংকট অনেকটাই কমবে।
উল্লেখ্য, ২০০২ সালে প্রতিষ্ঠিত আরবান স্কুল দীর্ঘদিন ধরে দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষাদান করে আসছে। অবকাঠামোগত সংকট ও নানা সীমাবদ্ধতার মধ্যেও প্রতিষ্ঠানটি শতাধিক শিশুর শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে।





































