সংসদে মেডিকেল কলেজ দাবি উত্থাপনের আহ্বান তারিকুল সুজনের
জাতীয় সংসদের প্রথম অধিবেশনে মেডিকেল কলেজের দাবি উত্থাপনের আহ্বান তারিকুল সুজনের। সোমবার (২ মার্চ) সন্ধ্যায় নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম এর সাথে তারিকুল সুজন দেখা করেন।
সংসদ সদস্যের সাথে সাক্ষাৎ করে তিনি নারায়ণগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রকল্পটির কাজ দ্রুত বাস্তবায়নের জন্য জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বিষয়টি উত্থাপনের অনুরোধ জানিয়েছেন। এসময় তরিকুল সুজন সংসদ সদস্য আবুল কালামকে একটি লিখিত বক্তব্য তুলে দেন।
লিখিত বক্তব্যে তরিকুল সুজন বলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৭ টি ওয়ার্ড এবং বন্দর উপজেলা নিয়ে নারায়ণগঞ্জ ৫ আসন গঠিত। প্রায় ৯৬ বর্গ কি. মি আয়তনের এই আসনে ২০ লক্ষাধিক মানুষের বাস। এই শিল্প অধ্যুষিত ও ঘনবসতিপূর্ণ জেলা নারায়ণগঞ্জে জনসংখ্যার তুলনায় স্বাস্থ্যসেবার অবস্থা অত্যন্ত দুর্বল। নেই হৃদরোগ চিকিৎসা, বার্ন ইউনিট, কিডনি ডায়ালাইসিস, নিউরোলজি- এমনকি জরুরি সেবার পর্যাপ্ত অবকাঠামোও নেই। ফলে সামান্য জটিল পরিস্থিতিতেই রোগীদের ছুটতে হয় ঢাকায়। সাম্প্রতিক ডেঙ্গু ও চিকুনগুনিয়া পরিস্থিতিতেও জেলার স্বাস্থ্য ব্যবস্থার সীমাবদ্ধতা স্পষ্ট হয়ে ওঠে। নারায়ণগঞ্জবাসীর দীর্ঘদিনের দাবি একটি মেডিকেল কলেজ ও হাসপাতাল। গত ২০২২ সালের ০৪ জানুয়ারিতে তৎকালীন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. সাইফুল হাসান বাদলের স্বাক্ষরে নারায়ণগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের বিষয়ে ৫৯.০০.০০০০.১৪০.১৮.১৯১.২১.১৩ স্মারক নম্বরে প্রজ্ঞাপন জারি হয়। খানপুরস্থ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালকেই মেডিকেল কলেজ ও হাসপাতালে রূপান্তরের প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। কিন্তু প্রজ্ঞাপন জারির পর এখনো প্রকল্পটির কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। এমনকি মেডিকেল কলেজ স্থাপনের ক্ষেত্রে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ এ বিষয়ে তেমন উদ্যোগ নেয়নি। অন্যদিকে পার্শ্ববর্তী জেলা মুন্সিগঞ্জ ও নরসিংদী, নারায়ণগঞ্জের পরে অনুমিত পেয়েও অল্প সময়ের মধ্যে মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণে দৃশ্যমান অগ্রগতি ঘটাতে সক্ষম হয়েছে।
তিনি আরো বলেন, বিগত সময়ে যারা জাতীয় সংসদে নারায়ণগঞ্জ ৫ আসনের প্রতিনিধিত্ব করেছে, তারা নারায়ণগঞ্জের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে নিজেদের ব্যাক্তিগত স্বার্থ, আর্থিক সুবিধা নিশ্চিত করেছে। ফলে আমাদের শহর-বন্দর কেবল মেডিকেল কলেজ, পূর্নাঙ্গ বিশ্ববিদ্যালয় এবং মেট্টোরেলের সুবিধা থেকে নয়, প্রশাসনিক ভাবেও থেকেছে অবহেলিত এবং বঞ্চিত। আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনে বসবে। এই সংসদে আপনি আমাদের সদর-বন্দর আসনের, প্রতিনিধিত্ব করছেন। আমাদের বিনীত অনুরোধ, সংসদের প্রথম অধিবেশনে আপনি ৪ বছর আগে প্রজ্ঞাপন হওয়া নারায়ণগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রকল্পটির কাজ দ্রুত বাস্তবায়নের জন্য সংসদে উত্থাপন করবেন।
এসময় আরো উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর সমন্বয়কারী মোঃ বিপ্লব খান, জেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী আলমগীর হোসেন আলম, বিএনপি মহানগর কমিটির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা।





































