সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজকে আটকে পুলিশে দিলেন বিএনপি নেতা
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে এ.রহমান সুপার মার্কেটের সামনে থেকে টাকাসহ রাকিবুল (২৪) নামের এক চাঁদাবাজকে হাতেনাতে ধরে পুলিশের কাছে সোপর্দ করেছেন নারায়ণগঞ্জ জেলা জিয়া সৈনিক দলের আহবায়ক গোলাম মোস্তফা সুমন মুন্সী।
সেমাবার (২ মার্চ) বিকাল ৩ টার দিকে পরিবহন থেকে চাদাঁবাজির সময় টাকাসহ তাকে আটকে রেখে পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক।
গ্রেপ্তারকৃত রাকিবুল ময়মনসিংহ এলাকার রফিকুল ইসলামের ছেলে। সে কাচঁপুর মুগরাকুল এলাকায় অস্থায়ীভাবে বসবাস করেন বলে জানা যায়।
আটক যুবকের ভাষ্য, তিনি কাচঁপুর এলাকার হেলাল ও শিমরাইলের রিফাত নামে দুজন তাকে ২ মাস আগে মাসিক চুক্তিতে নিয়োগ দিয়েছেন। তিনি তাদের কথায় ঢাকা-চট্রগাম মহাসড়কে চলাচলরত হোমনা সুপার পরিবহন থেকে মালিক সমিতির নামে গাড়ি প্রতি ১০০ টাকা করে চাদাঁ আদায় করেন।
এদিকে স্থানীয় সূত্রে জানা যায়, শিমরাইল এলাকায় কিছুদিন ধরে হোমনা সুপার পরিবহন থেকে মালিক সমিতির নামে গাড়ি প্রতি ১০০ টাকা করে চাদাঁ আদায় করেন রাকিবুল। বিষয়টি নজরে আসলে আজ বিকেলে তাকে চাঁদাবাজির টাকাসহ আটক করে পুলিশে দেওয়া হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা জিয়া সৈনিক দলের আহবায়ক গোলাম মোস্তফা সুমন মুন্সী বলেন, গত রবিবার আমরা স্থানীয় সংসদ সদস্যের নির্দেশে শিমরাইল এলাকা চাদাঁবাজ সন্ত্রাস মুক্ত করার জন্য সর্বত্র মাইকিং ও মহড়া দিয়েছি। এখানে কাউকে চাদাঁবাজি করতে দেয়া হবে না। সোমবার দুপরে আমার লোকজন পরিবহন থেকে চাদাঁবাজির খবর পেয়ে রাকিবুল নামে একজনকে চাঁদার টাকা সহ হাতেনাতে আটক করে। পরে সিদ্ধিরগঞ্জ থানায় খবর দিলে থানার এস আই নুরে আলম তাকে নিয়ে যায়।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার এস.আই নুরে আলম বলেন, শিমরাইল মোড়ে পরিবহন থেকে চাদাঁবাজির সময় একজনকে হাতেনাতে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে স্থানীয় বিএনপি নেতা । আমরা তার কাছ থেকে চাঁদাবাজির নগদ ৭০০ টাকা উদ্ধার করেছি। তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।





































