রমজানের সুমহান শিক্ষা ব্যক্তি ও সমাজে কাজে লাগাতে হবে: জব্বার
নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর সিদ্ধিরগঞ্জ উত্তর সাংগঠনিক থানার উদ্যোগে আয়োজিত ‘মাহে রমজানের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০২ মার্চ) সন্ধ্যায় স্থানীয় একটি মিলনায়তনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুল জব্বার।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবদুল জব্বার বলেন, “রমজান মাস হলো আত্মশুদ্ধি এবং তাকওয়া অর্জনের মাস। পবিত্র কোরআন নাজিলের এই মাসে মুমিনের প্রধান লক্ষ্য হওয়া উচিত আল্লাহর সন্তুষ্টি অর্জন। রমজানের সুমহান শিক্ষাকে কেবল উপবাসের মধ্যে সীমাবদ্ধ না রেখে তা আমাদের ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনের প্রতিটি স্তরে প্রতিফলিত করতে হবে।”
তিনি আরও বলেন, সমাজে ইনসাফ কায়েম এবং আর্তমানবতার সেবায় এগিয়ে আসাই রমজানের অন্যতম শিক্ষা। সকল প্রকার অন্যায় ও পাপাচার মুক্ত সমাজ গঠনে তিনি সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগরী সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন এবং জেলা কর্ম পরিষদ সদস্য ইঞ্জিনিয়ার আব্দুল বাকী। বক্তারা বলেন, মাহে রমজান আমাদের ধৈর্য ও সহনশীলতার শিক্ষা দেয়। বর্তমান কঠিন সময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করাই হোক এবারের রমজানের অঙ্গীকার।
সিদ্ধিরগঞ্জ উত্তর থানার আমীর মাওলানা মো. মোস্তফা কামাল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় থানার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, সিদ্ধিরগঞ্জ উত্তর থানা এলাকার প্রতিটি ঘরে মাহে রমজানের পবিত্রতা ও সঠিক বার্তা পৌঁছে দিতে তারা নিরলস কাজ করে যাচ্ছেন।
আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।





































