২৮ ফেব্রুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ১৮:৪৭, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

চারুগঞ্জ একাডেমি অব ফাইন আর্টসের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

চারুগঞ্জ একাডেমি অব ফাইন আর্টসের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চারুগঞ্জ একাডেমি অব ফাইন আর্টসের আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মাতৃভাষার প্রতি শিশু-কিশোরদের উপলব্ধি ও সম্মান বৃদ্ধি এবং প্রকৃত ইতিহাস সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে বিশেষভাবে এই আয়োজন করা হয়।

এবারের আয়োজন থেকে চারুগঞ্জ একাডেমি অব ফাইন আর্টস চালু করেছে ‘ভাষাসৈনিক মরহুম কাজী আবুল কাশেম স্মৃতি পদক ও শিক্ষাবৃত্তি–২০২৬’। এ শিক্ষাবৃত্তি প্রতি বছর নিয়মিত প্রদান করা হবে বলে আয়োজকরা জানান।

এ বছর স্মৃতি পদক ও শিক্ষাবৃত্তি পেয়েছে মেধাবী শিক্ষার্থী পথিক বর্মন। সম্মাননা বাবদ তার এক বছরের স্কুলভিত্তিক পড়াশোনার খরচ বৃত্তি হিসেবে প্রদান করা হয়। ভাষাসৈনিক কাজী আবুল কাশেমের কনিষ্ঠ পুত্র কাজী হারুনুর রশিদ আনুষ্ঠানিকভাবে পদকটি পথিক বর্মনের হাতে তুলে দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভাষাসৈনিক কাজী আবুল কাশেমের নাতি ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক, চারুগঞ্জের চেয়ারম্যান আহমেদুর রহমান তনু এবং চারুগঞ্জ একাডেমি অব ফাইন আর্টসের প্রতিষ্ঠাতা পরিচালক, চিত্রশিল্পী আরিফুর রহমান তপু।

চারুগঞ্জ একাডেমি অব ফাইন আর্টসের পক্ষ থেকে জানানো হয়, মেধাবী শিক্ষার্থীরা যেন উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে পারে এবং মাতৃভূমির প্রতি শ্রদ্ধাবোধ নিয়ে সমাজে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠে—এই প্রত্যাশা থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়