২৮ ফেব্রুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ১৬:৫৮, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

সুখী-সমৃদ্ধ দেশ গড়তে আদর্শ নৈতিকতাসম্পন্ন নেতৃত্ব প্রয়োজন: মমিনুল

সুখী-সমৃদ্ধ দেশ গড়তে আদর্শ নৈতিকতাসম্পন্ন নেতৃত্ব প্রয়োজন: মমিনুল

নারায়ণগঞ্জের বন্দরে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা প্রশিক্ষণ বিভাগের আয়োজনে দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বন্দর উপজেলায় আয়োজিত এই শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্য দেন মুহাম্মদ মমিনুল হক সরকার।

জেলা প্রশিক্ষণ সম্পাদক অধ্যাপক মাসুদুর রহমান গিয়াসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান, সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আশরাফুল ইসলাম, মুফতি জাহাঙ্গীর আলম, ইঞ্জিনিয়ার আবদুল বাকী, দেওয়ান খোরশেদ আলম, মাওলানা খোরশেদ আলম ফারুকীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ মমিনুল হক সরকার বলেন, শুধু স্লোগান আর সুন্দর বক্তব্য দিয়ে একটি সুন্দর দেশ ও সমাজ গড়া যায় না। একটি সুখী-সমৃদ্ধ দেশ গড়তে আদর্শ নৈতিকতাসম্পন্ন নেতৃত্ব ও দক্ষ জনশক্তি প্রয়োজন। 

তিনি বলেন, সোনালি সমাজ গড়তে সোনালি মানুষ দরকার। মহানবী হজরত মুহাম্মদ (সা.) কুরআনের আলোয় যে সমাজ গড়ে তুলেছিলেন, তা আজও অনুকরণীয়। কুরআনের আলোকে নৈতিকগুণসম্পন্ন নেতৃত্ব ও কর্মীবাহিনী গড়ে তুলতে পারলে বাংলাদেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তোলা সম্ভব। এ সময় তিনি জামায়াতে ইসলামীর কর্মীদের কুরআন-সুন্নাহর আলোকে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।

জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান বলেন, নানা সহিংসতা ও অপরাধের ঘটনার প্রেক্ষাপটে দেশে আইনের শাসন ও নিরাপত্তা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। তিনি অভিযোগ করেন, অপরাধে জড়িতদের সঙ্গে ক্ষমতাসীনদের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে এবং নৈতিক নেতৃত্বের অভাবেই সমাজে অপরাধ বাড়ছে। 

তিনি বলেন, ইসলামই মানবতার মুক্তির পথ দেখাতে পারে। দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ইসলামী আদর্শ সমাজে তুলে ধরার আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে অধ্যাপক মাসুদুর রহমান গিয়াস বলেন, ইসলামী আদর্শে পরিচালিত সংগঠনে খুন, ধর্ষণ, চাঁদাবাজির মতো অপরাধের স্থান নেই। তিনি প্রতিটি পাড়া-মহল্লায় সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করতে কর্মীদের প্রতি আহ্বান জানান।

সর্বশেষ

জনপ্রিয়