০৪ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:৪৪, ৪ নভেম্বর ২০২৬

আপডেট: ২০:০৭, ৪ নভেম্বর ২০২৬

মদ পানে স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব বহিস্কার, ১৫ দিনের কারাদণ্ড

মদ পানে স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব বহিস্কার, ১৫ দিনের কারাদণ্ড

মদ পানের অভিযোগে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আলী আহমেদকে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এই ঘটনার পর অভিযুক্ত স্বেচ্ছাসেবক দল নেতাকে সংগঠন থেকে বহিস্কার করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম আব্দুল্লাহ বিন শফিকের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড দেন। এর আগে মঙ্গলবার রাতে মদ পানের অভিযোগে পুলিশ তাঁকে আটক করে। পরে তাঁর ডোপ টেস্টে শরীরে অ্যালকোহলের উপস্থিতি পাওয়া যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউএনও এস এম আব্দুল্লাহ বিন শফিক প্রেস নারায়ণগঞ্জকে বলেন, ডোপটেস্টে ওই ব্যক্তির অ্যালকোহল সেবনের সত্যতা পাওয়া গেছে। পরে তাকে কারাগারে পাঠানো হয়। 

এদিকে মদ পানের ঘটনায় আটক হওয়ার পর আলী আহমেদকে স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব পদসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। সংগঠনটির দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী ও সাধারণ সম্পাদক  রাজিব আহসানের স্বাক্ষরে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়।   

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক প্রেস নারায়ণগঞ্জকে বহিস্কারের এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আলী আহমেদকে দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বিএনপি মাদকের বিরুদ্ধে জিরোটলারেন্স ঘোষণা করেছে। মাদকের সঙ্গে সংগঠনের কেউ জড়িত হলে তাকেও যে ছাড় দেয়া হয় না এই ঘটনা তারই প্রমাণ।’

সর্বশেষ

জনপ্রিয়