সন্ত্রাসবিরোধী মামলায় আইভীঘনিষ্ঠ জুবায়ের গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীঘনিষ্ঠ আব্দুল্লাহ আল জোবায়েরকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জোবায়ের সিদ্ধিরগঞ্জের ৭ নম্বর ওয়ার্ডের কদমতলী কলেজ রোড এলাকার এম এ মাসুদ বাদলের ছেলে।
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। তবে সন্ত্রাসবিরোধী মামলাটির বিস্তারিত তথ্য পুলিশের দেওয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।
একই দিনে পৃথক অভিযানে আরও তিনজনকে গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। তাঁরা হলেন সামারি ট্রায়ালে অভিযুক্ত আরিফ ঘরামী (৩২), সিআর পরোয়ানাভুক্ত কাজী কামরুজ্জামান বাপ্পী (৩৯) এবং ডাকাতির প্রস্তুতি মামলার আসামি মো. বাবু (২৬)। তাঁদেরও আদালতে পাঠানো হয়েছে।





































