আগের মতো মাথা খারাপ ব্যক্তিরা ক্ষমতায়: মাওলানা জব্বার
নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবদুল জব্বার বলেছেন, সরকার পরিবর্তনের পর জনগণের মধ্যে যে প্রত্যাশা তৈরি হয়েছিল, তার প্রতিফলন দেখা যাচ্ছে না। বেকার যুবকদের চাকরি, কৃষকদের ন্যায্যমূল্যে বা বিনামূল্যে সার দেওয়া এবং রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার, মাদক, সন্ত্রাস ও জমি দখল বন্ধের প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি।
বুধবার (৪ নভেম্বর) বিকেলে বক্তাবলীর লক্ষ্মীনগর এলাকায় কৃষকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আবদুল জব্বার বলেন, “শুধু বোতল ঠিক আছে, পানির পরিবর্তন হয়েছে। অর্থাৎ রহমত উল্লাহর জায়গায় সমতুল্লাহ পরিবর্তন হয়েছে, কিন্তু ভেতরের মাল একই রয়েছে। আগের মতো এখনো মাথা খারাপ দল ও ব্যক্তিরা ক্ষমতায় রয়েছে এবং তারা কী করবে, তা বুঝতে পারছে না।”
শ্রমিক আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আন্দোলনে আওয়ামী লীগের লোকজন ঢুকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। সরকারকে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার আহ্বান জানিয়ে তিনি শ্রমিকদের ন্যূনতম বেতন-ভাতা নির্ধারণ এবং বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের চিহ্নিত করার দাবি জানান।
জনগণের ভোটাধিকার ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, জনগণের সঙ্গে করা প্রতিশ্রুতি রক্ষা করতে হবে। অন্যথায় দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে এই সরকারকে টিকতে দেবে না।
অনুষ্ঠানে বক্তাবলী ইউনিয়নে জামায়াতে ইসলামীর সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মাওলানা আবু বকর উপস্থিত ছিলেন।





































