১৩ অক্টোবর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:৫৪, ১২ অক্টোবর ২০২৬

রূপগঞ্জে অটোরিকশা চালককে হত্যা, গ্রেপ্তার ২

রূপগঞ্জে অটোরিকশা চালককে হত্যা, গ্রেপ্তার ২
ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাজন মিয়া নামে ব্যাটারিচালিত এক অটোরিকশা চালককে ছুরিকাঘাতে হত্যা করে তাঁর অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধারসহ দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১২ অক্টোবর) রাত ২টার দিকে উপজেলার রূপসী-বাগবাড়ি ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাজন মিয়া তারাবো পৌরসভার রূপসী কাহিনা এলাকার মিলন মিয়ার ছেলে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন: রূপগঞ্জের চনপাড়া এলাকার রাজা মিয়ার ছেলে ফয়সাল মিয়া এবং নোয়াখালী সদর থানার করিমপুর এলাকার আব্দুল কাদির মিয়ার ছেলে জামাল মিয়া।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, সোমবার রাত ২টার দিকে কয়েকজন যুবক যাত্রী সেজে রূপসী স্ট্যান্ড থেকে রাজনের অটোরিকশা ভাড়া নেন। অটোরিকশাটি রূপসী-বাগবাড়ি ব্রিজ এলাকায় পৌঁছালে ছিনতাইয়ের উদ্দেশ্যে তাঁরা চালক রাজন মিয়াকে ধারালো ছুরি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। একপর্যায়ে তাঁর গলায় আঘাত করে রাস্তার পাশে ফেলে রেখে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যান তাঁরা।

পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় রাজনকে উদ্ধার করে স্থানীয় ইউএস-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ওসি জানান, খবর পেয়ে রূপগঞ্জ থানা-পুলিশ অভিযান চালায়। পরে তারাবো এলাকায় ধাওয়া করে ছিনতাই হওয়া অটোরিকশাসহ ফয়সাল ও জামালকে গ্রেপ্তার করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়